সিআরআইয়ের প্রদর্শনীতে থাকছে আ. লীগের এগিয়ে চলা
স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দেওয়া দল আওয়ামী লীগের দীর্ঘ পথ চলা, ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশকে এগিয়ে নেওয়া এবং আগামীর নেতৃত্বের জন্য দলের কী বার্তা- এর সবই ১০টি প্রদর্শনীর মধ্যে তুলে আনছে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)।
বাংলাদেশ আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এই প্রদর্শনী থাকছে বলে জানিয়েছে আওয়ামী লীগের গবেষণা উইং।
তারা বলছে, জাতীয় সম্মেলন ঘিরে প্রদর্শনীর মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরার লক্ষ্যেই এই আয়োজন করা হচ্ছে।
সিআরআইয়ের সমন্বয়ক তন্ময় আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “২১তম জাতীয় সম্মেলনকে ঘিরে ভিন্নভাবে ভাবছে আওয়ামী লীগ। আর সে কারণেই আমাদের এই আয়োজন। প্রতিটি প্রদর্শনীতে থাকছে ভিন্নতা। আশা করছি তা উপস্থিত সকলের ভালো লাগবে।”
বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠালগ্ন থেকে ২০তম কাউন্সিলের প্রতিটা ইতিহাস সুনিপুণভাবে উপস্থাপনা করা হবে ‘রোড টু টোয়েন্টিফার্স্ট কাউন্সিল’ নামের প্রদর্শনীতে।
‘লাইট আফটার ডার্কনেস’ শিরোনামের প্রদর্শনীতে তুলে ধরা হবে ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পরে কীভাবে ধ্বংসস্তূপ থেকে উঠে এসেছে আওয়ামী লীগ।
‘সাতই মার্চ’ নামের পৃথক এক আয়োজনে বঙ্গবন্ধুর চারটি ছবির সঙ্গে ঐতিহাসিক সাতই মার্চের ভাষণের বেশ কিছু উক্তি দেখা যাবে।
২০১৬ সালে ২০তম জাতীয় কাউন্সিলের পর আওয়ামী লীগের বিভিন্ন উপ কমিটির উদ্যোগে এবং সিআরআই আয়োজিত তরুণদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের ছবি নিয়ে তৈরি করা হচ্ছে ‘এএলবিডি রিজিওনাল ফুটপ্রিন্টস’ নামের প্রদর্শনী। এখানে আরও দেখা যাবে ২০তম কাউন্সিলের ছবি এবং ১১তম জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার জনসভার ছবি।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার উল্লেখযোগ্য ছবি ও উক্তি দিয়ে সাজানো হয়েছে ‘কুওটস ফর ফিউচার লিডারশিপ’ নামের প্রদর্শনী।
‘আ নিউ নিউ ইরা-পার্ট ওয়ান’-এ থাকছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী। অন্যদিকে ‘আ নিউ ইরা- পার্ট ২’ তে থাকছে বঙ্গবন্ধুকন্যা ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জীবনী।
চলতি বছরে সারা দেশে তরুণদের নিয়ে বেশ কিছু মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করেছে সিআরআই। আওয়ামী লীগের ২১তম সম্মেলনেও থাকছে তরুণদের অংশগ্রহণ।
এছাড়াও আওয়ামী লীগের ওপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শনের জন্য একটি পৃথক হলরুম থাকছে যেখানে দর্শকদের সহায়তার জন্য উপস্থিত থাকবে সিআরআইয়ের ভলান্টিয়াররা।
আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন সম্পর্কে আরও তথ্য জানতে আওয়ামী লীগের অফিসিয়াল ফেইসবুক পেইজ ও অফিসিয়াল ওয়েবসাইটে (council.albd.org) নিয়মিত আপডেট দেওয়া হবে। কাউন্সিলের দুই দিন এখান থেকে পুরো অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে বলে সিআরআই থেকে জানানো হয়েছে।
