মাঠ খালি না পেয়ে এবার ‘নিয়ন্ত্রিত’ নির্বাচনের চিন্তা: বাম জোট
একাদশ সংসদ নির্বাচনে ক্ষমতাসীনরা ভোট কারচুপি করে জেতার পরিকল্পনা করেছে বলে অভিযোগ বাম গণতান্ত্রিক জোটের।
একাদশ সংসদ নির্বাচনে ভোটগ্রহণের আগের দিন শনিবার এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন বাম নেতারা।
বিএনপিবিহীন দশম সংসদ নির্বাচনে বাম দলগুলোও অংশ নেয়নি। ওই নির্বাচনে অর্ধেকের বেশি সংসদীয় আসনে আওয়ামী লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন।
এবার প্রায় দলই নির্বাচনে অংশ নিচ্ছে। বাম জোট দেড় শতাধিক আসনে প্রার্থী দিয়েছে।
নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি নিয়ে শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে সিপিবি সাধারণ সম্পাদক শাহ আলম বলেন, “এবার ২০১৪ সালের মতো খালি মাঠে গোল করার সুযোগ না পেয়ে আওয়ামী লীগ সরকার প্রশাসনকে ব্যবহার করে সন্ত্রাস, হামলা, মামলা, হুমকি-ধমকি দিয়ে আনুষ্ঠানিকভাবে নিয়ন্ত্রিত ভোটে জেতার আয়োজন সম্পন্ন করেছে।
“সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে নির্বাচন কমিশনের কার্যকর উদ্যোগ দেখা যায়নি। বরং সরকারের নীল নকশা বাস্তবায়নে তারা তৎপর রয়েছে। অর্থাৎ আইনশৃঙ্খলা বাহিনী, সরকার, প্রশাসন, নির্বাচন কমিশন একাকার হয়ে নিয়ন্ত্রিত নির্বাচনের নীল নকশা বাস্তবায়ন করছে।”
বাম জোটের সমন্বয়ক শাহ আলম বলেন, “এটা বস্তবায়িত হলে তা দেশের ইতিহাসে নজিরবিহীন, অন্যতম কলঙ্কজনক নির্বাচন হিসেবে চিহ্নিত হবে। শুধু তাই নয়, এই নীল নকশা বাস্তবায়িত হলে ভবিষ্যতে সরকার আরও কর্তৃত্ববাদী, স্বৈরাচারী হয়ে উঠবে, পূর্ণ ফ্যাসিবাদী রূপে আবির্ভূত হবে।”
নির্বাচনে ইসির ভূমিকার সমালোচনা করে সিপিবি সাধারণ সম্পাদক বলেন, “নির্বাচন কমিশন দাবি করেছে, আইনশৃঙ্খলা বাহিনী তাদের নিয়ন্ত্রণে রয়েছে। যদি তাই হয়, তাহলে যে সব গ্রেপ্তার, হামলা, মামলা হচ্ছে, তা কমিশনের হুকুমেই হচ্ছে।”
ভোট নিয়ে ইসি সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বাড়িয়ে দিয়েছে বলেও মন্তব্য করেন শাহ আলম।
তিনি বলেন, “সাধারণ মানুষ ভোটের দিনের কথা চিন্তা করে, আতঙ্ক নিয়ে দিন কাটাচ্ছে। তার মধ্যে নির্বাচন কমিশন প্রকাশ্যে হাসপাতালগুলোকে জরুরি সেবার জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়ায় আশঙ্কা আরও বেড়েছে।”
শাহ আলম বলেন, “মানুষ মনে করেছিল, সেনা মোতায়েনের পর পরিস্থিতির উন্নতি হবে। কিন্তু ২৪ তারিখ সেনা মোতায়েনের পরও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি বরং গ্রেপ্তার, হামলা অব্যাহত আছে।”
বর্তমান সরকারের অধীনে অবাধ, নিরপেক্ষ নির্বাচন ‘সম্ভব নয়’ মন্তব্য করে তিনি বলেন, “অংশগ্রহণমূলক হলেই অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য বা বিশ্বাসযোগ্য নির্বাচন হয় না।”
সিপিবি কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাসদের (মার্কসবাদী) কেন্দ্রীয় নেতা শুভ্রাংশু চক্রবর্তী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ, ইউনাইটেড কমিউনিস্ট লীগের মোশাররফ হোসেন নান্নু, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলনের হামিদুল হক, গণসংহতি আন্দোলনের ফিরোজ আহমেদ উপস্থিত ছিলেন।
