সোমবার বিক্ষোভ কর্মসূচি বিএনপির
খালেদা জিয়ার জামিন প্রশ্নে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশের আগের দিন সোমবার ঢাকা মহানগরসহ সারাদেশের মহানগরের থানা ও উপজেলা সদরে বিক্ষোভ ডেকেছে বিএনপি।
শনিবার সকালে নয়া পল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচির কথা জানান।
তিনি বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে আগামী ১৪ মে সোমবার ঢাকা মহানগরসহ সারাদেশের মহানগরের থানায় থানায় ও উপজেলা সদরে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে।”
আগামী মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন নেতৃত্বাধীন আপিল বিভাগ বিএনপি চেয়ারপারসনের জামিনের বিষয়ে সিদ্ধান্ত দেবে।
বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করে হাই কোর্ট থেকে তিনি জামিন পেলেও তা স্থগিত করে দেয় আপিল বিভাগ।
রিজভী খুলনা সিটি করপোরেশন নির্বাচনের আগে বিএনপি নেতা-কর্মীদের গ্রেপ্তার এবং তা নিয়ে নির্বাচন কমিশনের নীরবতারও নিন্দা জানান।
তিনি বলেন, “পুলিশ জনগণের প্রতিপক্ষ হিসেবে কাজ করছে। নির্বাচন কমিশনের ভূমিকাও সন্দেহজনক। মনে হচ্ছে, এই নির্বাচনে পুলিশ, আওয়ামী সশস্ত্র ক্যাডার ও নির্বাচন কমিশন অত্যন্ত নিষ্ঠার সাথে একই টিমে খেলছে।”
ভোটারদের ‘ভয়ভীতি’ দূর করতে খুলনা সিটি করপোরেশন নির্বাচনে সেনা মোতায়েনের দাবি আবারও জানান বিএনপি নেতা।
নাটোরের ছাত্রদল সভাপতি সানোয়ার হোসেন তুষার, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক রাশেদ আহমেদ রনি ও সদর থানার যুগ্ম আহ্বায়ক জুয়েল রানা এবং সাতক্ষীরার তালা থানা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, থানা ছাত্রদলের সহসভাপতি মেহেদী হাসান, বিএনপি নেতা আশরাফুল আলম লিটনকে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে অবিলম্বে তাদের মুক্তির দাবিও জানান রিজভী।
সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব, এবিএম মোশাররফ হোসেন, আবদুস সালাম আজাদ, আসাদুল করিম শাহিন উপস্থিত ছিলেন।
