২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সঠিক রায় দেওয়ার ক্ষমতা বিচারকদের নেই: খালেদা

দেশের নিম্ন আদালত ‘সরকারের কব্জায়’ থাকায় সঠিক রায় দেওয়ার ক্ষমতা বিচারকদের নেই বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2018, 01:20 PM

Updated : 19 Aug 2022, 01:32 PM

জিয়া এতিমখানা ট্রাস্ট মামলার রায়ের তারিখ ঘোষণার প্রেক্ষাপটে ডাকা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভায় সাবেক প্রধানমন্ত্রী খালেদার এ বক্তব্য আসে। 

শনিবার বেলা ১১টায় রাজধানীর হোটেল লো মেরিডিয়ানে খালেদা জিয়ার সভাপতিত্বে এই বৈঠক শুরু হয়। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাড়ে চারশর মত সদস্য ছাড়াও চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা সভায় অংশ নিচ্ছেন।

সভার উদ্বোধনী পর্বের ভাষণে খালেদা জিয়া বলেন, দেশের নিম্ন আদালত যে ‘সরকারের কব্জায়’, তা ‘সর্বোচ্চ আদালতও’ বলছে।

“সরকারের কথার বাইরে, ভাবনা চিন্তা যাই থাকুক না কেন, তারা বুঝতে পারছে যে এটা সঠিক নয়, কিন্তু সঠিক রায় দেওয়ার ক্ষমতাটা তাদের নেই।”

আগামী ৮ ফেব্রুয়ারি জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ে দুই কোটি ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ যাবজ্জীবন সাজা হতে পারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার। তার বড় ছেলে বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানও এ মামলার আসামি।

মুদ্রা পাচার মামলায় জজ আদালতে খালাস পেলেও হাই কোর্টে তারেকের সাত বছরের সাজা হওয়ার প্রসঙ্গ টেনে খালেদা তার বক্তৃতায় বলেন, “সঠিক রায় দিলে যে কি হতে পারে সেটা আপনারা দেখেছেন… তারেক রহমানের সঠিক রায় দেওয়া হয়েছে যে আদালতে, সেই বিচারককে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে।”

সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা ‘সত্যি কথা বলায়’ সরকার তাকে দেশের বাইরে যেতে এবং পদত্যাগ করতে ‘বাধ্য করেছে’ বলেও অভিযোগ করেন বিএনপি চেয়ারপারসন।

 

পুরনো খবর:

ধড়পাকড়ের মধ্যেই নির্বাহী কমিটির সঙ্গে বসেছেন খালেদা