লেবার পার্টিকে বাইরে রেখে খালেদার বৈঠক
চার মাস পর ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের নিয়ে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বুধবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠকে ডাকা হয়নি জোট শরিক লেবার পার্টির নেতাদের।
বিএনপি নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, লেবার পার্টি দলীয় কোন্দলে বিভক্ত হয়ে পড়ায় কোনো অংশকেই এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি।
গত ৫ নভেম্বর লেবার পার্টির মধ্যে বিভক্তি দেখা দেয়। একটি অংশের নেতৃত্ব দিচ্ছেন দলের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান।
ইরান তার মহাসচিব হামদুল্লাহ আল মেহেদীকে সরিয়ে জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. ফরিদ উদ্দিনকে পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করেন।
অন্য অংশের নেতৃত্বে আছেন মহাসচিব হামদুল্লাহ আল মেহেদি। মেহেদি চেয়ারম্যান ইরানকে বহিষ্কার করে ভাইস চেয়ারম্যান এমদাদুল হক চৌধুরীকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোনীত করেন।
দুই অংশই নিজেদের লেবার পার্টির মূলধারা বলে দাবি করছে।
বুধবারের বৈঠকের সময় লেবার পার্টির একাংশের নেতাদের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বাইরে দেখা গেছে। তারা হলেন হামদুল্লাহ আল মেহেদী, শামসুদ্দিন পারভেজ, মাহমুদ খান, আহসান হাবিব ইমরোজ, রামকৃষ্ণ, আবদুল্লাহ আল মামুন, মো. মিলন।
ইরানের নেতৃত্বাধীন অংশের কাউকে সেখানে দেখা যায়নি।
গত রোজায় লেবার পার্টির ইফতার অনুষ্ঠানে দলটির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানের পাশে খালেদা জিয়া (ফাইল ছবি)
২০১২ সালের ১৮ এপ্রিল চারদলীয় জোটকে সম্প্রসারণ করে ১৮ দলীয় জোট গঠনের পর থেকে লেবার পার্টি এই জোটে রয়েছে। পরে আকার আরও বেড়ে ২০ দলীয় জোট হয়।
লন্ডন যাওয়ার আগে জুলাই মাসে সর্বশেষ জোটের বৈঠক করেছিলেন খালেদা জিয়া।
তার পরের এই বৈঠকে জামায়াতে ইসলামীসহ ১৭টি শরিক দলের নেতারা অংশ নেন। কল্যাণ পার্টি ও পিপলস লীগের প্রতিনিধি এই বৈঠকে অনুপস্থিত ছিলেন।
বৈঠকে ছিলেন খেলাফত মজলিশের মুহাম্মদ ইসহাক, জাতীয় পার্টির (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, বিজেপির আন্দালিব রহমান পার্থ, জামায়াতে ইসলামীর আবদুল হালিম, এলডিপির রেদোয়ান আহমেদ, ইসলামী ঐক্যজোটের এম এ রকীব, জাগপার রেহানা প্রধান, এনডিপির খোন্দকার গোলাম মূর্তজা, এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ, বাংলাদেশ ন্যাপের জেবেল রহমান গানি, বাংলাদেশ মুসলিম লীগের এএইচএম কামরুজ্জামান খাঁন, ন্যাপ-ভাসানীর আজহারুল ইসলাম, ইসলামিক পার্টির আবু তাহের চৌধুরী, জমিয়তে উলামায়ে ইসলামের মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, আবদুর রব ইউসুফী, সাম্যবাদী দলের সাঈদ আহমেদ, ডেমোক্রেটিক লীগের সাইফুদ্দিন মনি।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি, রোহিঙ্গা সমস্যা ও নির্বাচনের বিষয়াদি নিয়ে আলোচনা হয় বলে জোট নেতারা জানান।
