তারেককে দূরে রাখার ষড়যন্ত্র: ফখরুল
চাঁদাবাজির তিন মামলায় তারেক রহমানের বিরুদ্ধে পরোয়ানা জারির প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘মিথ্যা’ মামলা দিয়ে রাজনীতি থেকে তাকে দূরে রাখার চক্রান্ত হচ্ছে।
বুধবার এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব বলেন, “আমাদের দলের চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যান, শীর্ষ নেতৃবৃন্দসহ সর্বস্তরের নেতৃবৃন্দের বিরুদ্ধে সরকার ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে, কারাগারে আটক করে রাখছে এবং স্বাভাবিক রাজনৈতিক যে কার্যক্রম তা থেকে তাদের বিরত রাখা হচ্ছে।
“বাংলাদেশে বিরাজনীতিকীকরণের প্রক্রিয়া শুরু করে রাজনীতিবিদদের রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার যে নীলনকশা, সেটাকে বাস্তবায়িত করার জন্য এটা করছে।”
বিভিন্ন মামলায় পরোয়ানা মাথায় নিয়ে গত আট বছর ধরে লন্ডনে অবস্থান করছেন বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমান। বিগত জরুরি অবস্থার সময় তার বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজির তিন মামলার স্থগিতাদেশ তুলে নিয়ে জামিন বাতিল করে তারেককে এক মাসের মধ্য বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে মঙ্গলবার নির্দেশ দেয় হাই কোর্ট।
খালেদা জিয়ার বড় ছেলে তারেকের কর ফাঁকির দুই মামালার স্থগিতাদেশও আদালত তুলে নিয়েছে।
এ প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, “তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে তাকে দূরে রাখার চক্রান্ত করছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”
তারেক রহমান
দুপুরে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়। বিজয় দিবস ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কর্মসূচি ঠিক করতে দলের যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে আসেন ফখরুল।
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় কলেজ জাতীয়করণের দাবিতে আন্দোলনে পুলিশের ‘তাণ্ডব’, মিয়ানমারের আরাকানে রোহিঙ্গা মুসলিমদের ওপর হত্যাকাণ্ডের নিন্দা এবং এই দুই ঘটনায় দোষীদের বিচার দাবি করেন বিএনপি মহাসিচব।
কারাবন্দি দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, আসলাম চৌধুরী, হবিগঞ্জের পৌরসভার বরখাস্ত মেয়র জিকে গউস, সিলেট সিটি করপোরেশনের বরখাস্ত মেয়র আরিফুল হক চৌধুরী, সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুসহ বিভিন্ন মামলায় আটক নেতাকর্মীদের অবিলম্বে মুক্তির দাবি জানান তিনি।
