২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা দ্রুত ফিরে আন্দোলনে নেতৃত্ব দেবেন: ফখরুল

স্বাস্থ্য পরীক্ষার জন্য ‍যুক্তরাজ্যে অবস্থানকারী খালেদা জিয়া দ্রুত ফিরে আন্দোলনের নেতৃত্বভার নেবেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2015, 11:38 PM

Updated : 22 Aug 2022, 01:30 PM

দলীয় চেয়ারপারসনের রোগমুক্তি কামনায় বুধবার নয়া পল্টনের কার্যালয়ে এক মিলাদ মাহফিলে বক্তব্যে একথা জানান তিনি।

স্বাস্থ্য পরীক্ষার জন্য কোরবানির ঈদের আগে লন্ডন যান খালেদা জিয়া। সেখানে ছেলে তারেক রহমানের সঙ্গে আছেন তিনি। তার ফেরার দিন এখনও ঠিক হয়নি।

ফখরুল বলেন, “আমাদের অধিকারগুলো ফিরে পাওয়ার জন্য আমরা দেশনেত্রীর নেতৃত্বে সংগ্রাম করছি। আমরা আশা করব, তিনি অতিদ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। ফিরে এসে তিনি গণতান্ত্রিক আন্দোলনের সঠিক পথে আমাদেরকে নেতৃত্বে দেবেন এবং সেই পথে ইনশাল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত হবে।

“আসুন আল্লাহ কাছে দোয়া চাই, তিনি যেন অতিদ্রুত আমাদের নেত্রীকে সুস্থ অবস্থায় ফিরিয়ে আনেন। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার যে কাজ নেত্রী শুরু করেছেন, তিনি যেন তাতে সফল হতে পারেন। সারাদেশের মানুষ নেত্রীর আগমনের প্রতীক্ষায় র‌য়েছে।”

দল গুছিয়ে সরকারবিরোধী আন্দোলনের ঘোষণা রয়েছে খালেদা জিয়ার। লন্ডন যাওয়ার আগে দল পুনর্গঠনের কাজ দ্রুত শেষ করার তাগিদ দিয়ে যান তিনি।

আওয়ামী লীগের শাসনে বাংলাদেশ ‘গণতন্ত্রহীন’ অবস্থায় রয়েছে দাবি করে তা ফিরিয়ে আনতে জাতীয় ঐক্য গড়ে তোলার উপর জোর দেন বিএনপি নেতা ফখরুল।

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে এই দোয়া মাহফিল হয়। একই দিন সারাদেশে এই কর্মসূচি পালন করে সংগঠনটি।

বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমান, ফজলুল হক মিলন, মনিরুল হক চৌধুরী, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আসাদুল করীম শাহিন, তাইফুল ইসলাম টিপু, এ বি এম মোশাররফ হোসেন, রফিক শিকদার অনুষ্ঠানে ছিলেন।

উলামা দলের সাধারণ সম্পাদক শাহ নেসারুল হক, এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য সচিব হাসান জাফির তুহিন, ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনিও মিলাদে ছিলেন।

রাঙামাটির নতুন কমিটির সাক্ষাৎ

সকালে নয়া পল্টনে কার্যালয়ে রাঙামাটি জেলার নবনির্বাচিত সভাপতি শাহ আলম ও সাধারণ সম্পাদক দীপেন তালুকদার ও সিনিয়র সহসভাপতি সৈয়দ ইসমাইল নিজামীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল দলের ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুলের সঙ্গে দেখা করেন।

এ সময়ে কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান দিলদার হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি সায়েম হোসেনসহ জেলার নেতারা উপস্থিত ছিলেন।

গত ৮ অক্টোবর জেলা কাউন্সিলের মাধ্যমে শাহ আলমের নেতৃত্বে নতুন কমিটি গঠিত হয়।