খন্দকার মোশাররফের জামিন স্থগিতের আবেদনের শুনানি সোমবার
মুদ্রা পাচার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের জামিন স্থগিত চেয়ে দুদকের করা আবেদনের ওপর ২৪ অগাস্ট আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানি হবে।
ওই মামলায় বুধবার হাই কোর্ট থেকে শর্তসাপেক্ষ জামিন পান খন্দকার মোশাররফ। এতে স্থগিতাদেশ চেয়ে বৃহস্পতিবার চেম্বার বিচরপতির আদালতে আবেদন নিয়ে যায় দুদক।
এর পরিপ্রেক্ষিতে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী আবেদনটি ২৪ অগাস্ট আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেয়।
আদালতে দুদকের পক্ষে শুনানিতে ছিলেন খুরশীদ আলম খান। খন্দকার মোশাররফের পক্ষে ছিলেন মওদুদ আহমদ ও নিতাই রায় চৌধুরী।
খুরশীদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খন্দকার মোশাররফের জামিন স্থগিত চেয়ে করা আবেদনটি ২৪ অগাস্ট আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দিয়েছেন চেম্বার বিচারপতি।
বিচারিক আদালতে জামিন নাকচের আদেশের বিরুদ্ধে খন্দকার মোশাররফের আপিল আবেদনের শুনানি নিয়ে বুধবার বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর হাই কোর্ট বেঞ্চ আপিল মঞ্জুর করে জামিন দেয়।
গত বছর ২০ নভেম্বর ঢাকার বিশেষ দায়রা জজ আদালত খন্দকার মোশাররফের জামিন নাকচ করে। ওই আদেশের বিরুদ্ধে ৯ ডিসেম্বর হাই কোর্টে আপিল করেন ওই বিএনপি নেতা। যার ওপর শুনানি শেষে বুধবার আদালত জামিন মঞ্জুর করে।
২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রী থাকাকালে ৯ কোটি ৫৩ লাখ ৯৫ হাজার টাকা পাচারের অভিযোগে ২০১৪ সালের ৬ ফেব্রুয়ারি খন্দকার মোশাররফের বিরুদ্ধে এই মামলা করে দুদক।
মামলা হওয়ার পর তিনি হাই কোর্ট থেকে আগাম জামিন নিলেও আপিল বিভাগ পরে তা বাতিল করে। এরপর গতবছর ১২ মার্চ গুলশানের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
খন্দকার মোশাররফের দাবি, মামলায় যে অর্থ পাচারের কথা বলা হয়েছে তা অবৈধভাবে অর্জিত নয়, পাচারও করা হয়নি।
তিনি বলেন, ১৯৬৯ থেকে ১৯৭৩ সাল পর্যন্ত লন্ডনে লেখাপড়া করার সময় তিনি যে অর্থ আয় করেছিলেন তা পরে যুক্তরাজ্যের পুঁজিবাজারে বিনিয়োগ করেন।
ওই অর্থই এত বছরে প্রায় সাড়ে ৯ কোটি টাকা হয়েছে বলে মোশাররফের দাবি।
