২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার খবরের উৎস কী, জানতে চান সুরঞ্জিত

শিগগিরই সরকারের পতন হবে- খালেদা জিয়া এই খবর কোথায় পেয়েছেন, তা জানতে চেয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2015, 12:05 AM

Updated : 22 Aug 2022, 01:01 PM

বুধবার ২০ দলীয় জোটের বৈঠকে বিএনপি চেয়ারপারসন ওই কথা বলেছেন বলে কয়েকটি সংবাদপত্রে প্রকাশিত খবরের ভিত্তিতে বৃহস্পতিবার ১৪ দলের আলোচনা সভায় বক্তব্যে এই প্রশ্ন তুলেছেন সুরঞ্জিত।

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত ওই আলোচনা সভায় সুরঞ্জিত বলেন, “খালেদা জিয়া না কি বলেছেন খুব তাড়াতাড়ি সরকারের পতন হয়ে যাবে। আমি খুব আশ্চর্য হয়ে গেলাম।এই খবর তিনি কোথা থেকে পেলেন?

“দেশে তো সরকারবিরোধী কোনো আন্দোলন নাই। না কোনো নির্বাচন হচ্ছে যে সরকার পরিবর্তন হয়ে যাবে। তাহলে এই মহিলা এই খবর কোথা থেকে পেলেন?”

খালেদা জিয়ার এই খবরের উৎস বের করতে সরকারের কাছে আহ্বান জানান তিনি। এসময় মঞ্চে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ও বিমানমন্ত্রী রাশেদ খান মেনন উপস্থিত ছিলেন।

১৪ দলের মুখপাত্র স্বাস্থ্যমন্ত্রী নাসিম বলেন, “আমাদের মনে রাখতে তার কাছে, ‘খবর আছে’র মধ্যে তার কাছে চক্রান্ত আছে। গোপন চক্রান্তের খবর আছে।”

সুরঞ্জিত বলেন, “এক্ষুনি এই খবরের জন্য খালেদা জিয়াকে জিজ্ঞাসা করতে হবে। তিনি এই খবর কোথা থেকে পেলেন।”

সংবিধান পরিবর্তন করে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনতে ‘উদ্বিগ্ন নাগরিকদের’ প্রস্তাবের প্রতিক্রিয়ায় প্রবীণ এই রাজনীতিক বলেন, “আপনারা কেডা, আপনাদের কথায় সংবিধান পরিবতর্ন করতে হবে।আপনাদের কোনো দল আছে? আপনারা কাদের প্রতিনিধিত্ব করেন?

“যখন বঙ্গবন্ধুকে হত্যা করে সামরিক সংবিধান দিয়ে দেশ পরিচালিত হয়েছে, তখন তো কোনো কথা বলেন নাই। আজকে কেন বলেন? এদের সঙ্গে তো খালেদা জিয়ার এই কোরাস মিলেগা।”

“আজকে এই সময়ে কেন তারা সংবিধান সংশোধনের কথা বলছে, আপনারা একবার ভেবে দেখেন,” মন্ত্রীদের উদ্দেশে বলেন সাবেক মন্ত্রী সুরঞ্জিত।

অনুষ্ঠানে আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, “বাংলাদেশে জিয়াউর রহমান যে রাজনীতির ধারা শুরু করেছিল, খালেদা জিয়াও সেই ধারা অব্যাহত রেখেছে।

“তা না হলে খালেদা জিয়া কেন ১৫ অগাস্ট কেক কাটবে। কারণ, ১৫ অগাস্ট না ঘটলে বিএনপির জন্ম হত না।”

জাসদ সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, “বিএনপি খুনি ও জঙ্গি উৎপাদন ও পুনরুৎপাদনের কারখানা। এই কারখানাকে যতদিন পর্যন্ত ধ্বংস না করবেন, ততদিন পর্যন্ত বাংলাদেশকে উন্নয়নের দিকে নেওয়া যাবে না।”

সভায় ঢাকা মহানগর ১৪ দলের সমন্বয়ক ও ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ডা. ওয়াজেদুল ইসলাম, জেপির শেখ শহিদুল ইসলাম, ন্যাপের এনামুল হক, গণআজাদী লীগের এস কে শিকদার, বাসদের রেজাউর রশিদ খান, তরীকত ফেডারেশনের নজিবুল বশর মাইজভান্ডারী বক্তব্য রাখেন।