সরকার দেশকে জঙ্গি রাষ্ট্র বানাতে চায়: ২০ দল
সরকার বাংলাদেশকে ‘জঙ্গি রাষ্ট্র বানানোর চক্রান্ত’ করছে অভিযোগ করে এর বিরুদ্ধে ‘প্রতিরোধ গড়ার’ আহ্বান জানিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।
বৃহস্পতিবার সকালে এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, “দেশকে জঙ্গি রাষ্ট্র বানাতে বর্তমান ক্ষমতাসীন দল অতীতের মতো এখনও জুজুর ভয় দেখিয়ে মুক্ত বিশ্বের সহানুভূতি আকর্ষণের চেষ্টা করছে।”
আর এ কারণেই গুম, খুন, শিশু হত্যা, নারী নিযার্তন, ব্লগার খুনের মতো ঘটনা ‘নিবিঘ্নে বেড়ে চলেছে’ মন্তব্য করে এই বিএনপি নেতা বলেন, “শান্তিপূর্ণ বাংলাদেশকে জঙ্গি কিংবা সন্ত্রাসী রাষ্ট্র বানানোর সরকারি চক্রান্ত সম্পর্কে দেশবাসীকে সজাগ থাকার এবং তা প্রতিহত করার জন্য ২০ দল আহবান জানাচ্ছে।”
নজরুল ২০ দলের পক্ষ থেকে এমন অভিযোগ করলেও ২০০১-২০০৬ মেয়াদে বিএনপি-জামায়াত সরকারের প্রশ্রয়েই দেশে ধর্মীয় জঙ্গিবাদ মাথাচাড়া দিয়েছিল বলে অভিযোগ রয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাদের।
চলতি বছরের শুরুতে বিএনপি জোটের তিনমাসের হরতাল-অবরোধে পেট্রোল বোমার নাশকতায় শতাধিক মানুষের প্রাণহানীর জন্য খালেদা জিয়াকে দায়ী করে তাকে বিভিন্ন সময়ে ‘জঙ্গিবাদের নেত্রী’ বলেও আখ্যায়িত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দীর্ঘ সাড়ে ৯ মাস পর বুধবার রাতে ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন বিএনপি নেত্রী খালেদা জিয়া। ওই বৈঠকের বিষয়ে জানাতেই বৃহস্পতিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কাযার্লয়ে এই সংবাদ সম্মেলনে আসেন নজরুল।
দেশের বর্তমান পরিস্থিতিকে ‘ভয়াবহ’ হিসেবে বর্ণনা করে নজরুল ইসলাম খান বলেন, “গুম, খুন, সন্ত্রাস, দখল, মিথ্যা মামলা দিয়ে বিরোধীদলীয় নেতা-কর্মীসহ সাধারণ মানুষজনকে হয়রানি ও গ্রেপ্তার বাণিজ্য ক্রমাগতভাবে বেড়ে চলেছে। শিশু হত্যা ও নারী নিযার্তন এমন ভয়াবহ আকার ধারণ করেছে যে মনেই হয় না- আমরা কোনো সভ্য দেশে বসবাস করছি এবং দেশে কোনো সরকার আছে।”
মন্ত্রীর বিরুদ্ধে হিন্দু সম্প্রদায়ের জমি দখলের অভিযোগ, আর্থিক খাতে দুর্নীতিসহ বিভিন্ন প্রসঙ্গে সরকারের সমালোচনা করেন এই বিএনপি নেতা।
তিনি বলেন, “একের পর এক ব্লগার হত্যার ঘটনা ঘটছে। দেশের কোনো নাগরিকই আজ নিরাপদ নন। এমনকি মায়ের পেটের শিশুও নয়। অথচ সরকারের দাবি, দেশের মানুষ নাকি শান্তিতে আছে!”
সরকার ‘বিভিন্নভাবে’ ২০ দলীয় জোট ‘ভাঙার চেষ্টা’ করছে বলেও অভিযোগ করেন নজরুল।
তিনি বলেন, “গত প্রহসনের নির্বাচনে শত চেষ্টা করেও সরকার জোটের কোনো দলকে নিতে পারেনি। জোটের কোনো ব্যক্তিকেও তারা নির্বাচনে আনতে পারেনি। অর্থাৎ, ২০ দলের ঐক্য অটুট আছে, অক্ষুণ্ন আছে, শক্তিশালী আছে এবং আগামীতেও থাকবে।”
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোটের দাবিতে গত নির্বাচন বর্জন করা দল বিএনপির এই নেতা বলেন, দেশের বর্তমান ‘সংকট’ থেকে উত্তরণে সুষ্ঠু নির্বাচনের ‘বিকল্প নেই’।
“২০ দল মনে করে, কেবল জনগণের নির্বাচিত ও জনগণের কাছে দায়বদ্ধ সরকারই দেশে চলমান গুম, খুন, মামলা, হামলা ও দখলের রাজনীতি বন্ধ করে জনগণের মৌলিক অধিকার ও অর্থনৈতিক সঙ্কটের অবসান ঘটাতে পারে।
“এজন্য ২০ দল একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে নির্দলীয় সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও সকলের অংশগ্রহণে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন চায়। দেশের জনগণ এই দাবিতে ঐক্যবদ্ধ আছে।”
বিএনপি আন্দোলনের কথা বললেও কর্মসূচি নেই কেন- এমন প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, “আমরা শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন করতে চাই। যখনই আমরা কোনো সভা-সমাবেশ কিংবা মিছিল অথবা মানববন্ধনের মতো কর্মসূচি পালন করতে চাই, তখন আমাদের লড়তে হয় অস্ত্রধারী সরকারি বাহিনী কিংবা অস্ত্রধারী সরকারি দলের লোকদের সঙ্গে।
“এটা যদি আমরা চালিয়ে যেতে চাই, তাহলে আমাদের সংঘর্ষ করতে হবে। কিন্তু আমরা হত্যা, সন্ত্রাস ও সংঘর্ষের রাজনীতিতে বিশ্বাস করি না। ফলে আমাদেরকে বার বার জনগণের কাছে আসতে হচ্ছে, আপনাদের মাধ্যমেই জানাতে হচ্ছে।’’
খালেদা জিয়া চিকিৎসার জন্য কবে লন্ডনে যাচ্ছেন জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, “এটা বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসার বিষয়। তিনি কখন যাবেন, এ ব্যাপারে আমাদের কিছু বলার নেই। আমি কিছু বলতে পারব না।”
জোটের শরিক জামায়াতে ইসলামীর আমিমুল ইসলাম, ইসলামী ঐক্যজোটের মুফতি মুহাম্মদ ফয়েজুল্লাহ, জাগপা’র খন্দকার লুৎফর রহমান, এলডিপি’র শাহাদাত হোসেন সেলিম, পিপলস লীগের সৈয়দ মাহবুব হোসেন, ডিএল-এর সাইফুদ্দিন মনি, ন্যাপের গোলাম মোস্তফা ভুইয়া, কল্যাণ পার্টির এম এম আমিনুর রহমান, সাম্যবাদী দলের সাঈদ আহমেদ, জমিয়তের উলামায়ে ইসলামের মাওলানা মহিউদ্দিন ইকরাম, মুসলিম লীগের শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, এনপিপির মোস্তাফিজুর রহমান মোস্তফা, লেবার পার্টির বাবু রামকৃষ্ণ সাহা, এনডিপির মঞ্জুর হোসেন ঈসা ও ন্যাপ ভাসানীর গোলাম মোস্তফা সংবাদ বিফ্রিংয়ে উপস্থিত ছিলেন।
