কোকোর জন্মদিনে কবর জিয়ারতে মা খালেদা
ছোট ছেলে আরাফাত রহমান জন্মদিনে তার কবর জিয়ারত করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
গত ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান কোকো। মঙ্গলবার ছিল তার ৪৬তম জন্মদিন।
বুধবার বিকালে বনানীর কবরস্থানে তার কবরে দোয়া ও মোনাজাত করেন খালেদা জিয়া।
কবরের সামনে চেয়ারে বসে তিনি আধা ঘন্টা নীরবে কোরআন শরিফ পাঠ করেন। এরপর তার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন।
এ সময়ে সেজ বোন সেলিমা ইসলাম ও ছোট ভাইয়ের স্ত্রী নাসরিন সাঈদ খালেদা জিয়ার পাশে ছিলেন।
দলের নেতাদের মধ্যে আলতাফ হোসেন চৌধুরী, সেলিমা রহমান, নুরী আরা সাফা, শিরিন সুলতানা, হাফেজ আবদুল মালেক, শামীমুর রহমান শামীম, শায়রুল কবীর খান, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান উপস্থিত ছিলেন।
জন্মদিন উপলক্ষে বুধবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কাযা্র্লয় ও চেয়ারপারসনের কার্যালয়ে কোকোর আত্মার মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
বাদ আসর নয়া পল্টনের মিলাদ মাহফিলে আবদুল্লাহ আল নোমান, আসাদুজ্জামান রিপন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আবদুস সামাদ আজাদ, মুস্তাফিজুর রহমান বাবুল, আবদুল লতিফ জনি, আসাদুল করীম শাহিন, তাইফুল ইসলাম টিপু, এ বি এম মোশাররফ হোসেন, আনোয়ার হোসাইনসহ শতাধিক নেতাকর্মী অংশ নেন।
