মাগুরায় শিখর ও বীরেনের দ্বন্দ্বে উত্তেজনা
আওয়ামী লীগ সমর্থক দুই পক্ষের সংঘর্ষে মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধ হওয়ার ঘটনা নিয়ে এক বক্তব্যকে কেন্দ্র করে প্রতিমন্ত্রী বীরেন শিকদার ও প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখরের সমর্থকদের পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তেজনা ছড়িয়েছে মাগুরার মহম্মদপুর উপজেলা সদরে।
মঙ্গলবার মহম্মদপুর উপজেলা সদরে আওয়ামী লীগের এই দুই পক্ষ পাল্টাপাল্টি মিছিল ও সমাবেশ করলে আতঙ্কে অনেক দোকানপাট বন্ধ হয়ে যায়।
মহম্মদপুর থানার ওসি শেখ আতিয়ার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুলিশের কঠোর পদক্ষেপের কারণে বড় ধরনের সংঘর্ষ এড়ানো সম্ভব হয়েছে।”
মহম্মদপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক কমলেশ চন্দ্র সাহা বলেন, “একটি রাজনৈতিক দলের দুই গ্রুপের মধ্যে উত্তেজনার কারণে ব্যবসায়ীরা আতঙ্কে রয়েছে।”
গত ২৩ জুলাই মাগুরা শহরে আওয়ামী লীগ সমর্থক দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত এবং অন্তঃস্বত্তা এক নারী গুলিবিদ্ধ হন। ওই নারীর গর্ভস্থ সন্তানের গায়েও গুলি বিঁধে। গুলিবিদ্ধ হওয়ার দিনই ভূমিষ্ঠ ওই শিশুটি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন।
ওই সংঘর্ষ নিয়ে গত সোমবার একটি সংবাদপত্রে ‘মাগুরায় খুনোখুনির পেছনে শিখর-বীরেনের দ্বন্দ্ব’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। তাতে সাইফুজ্জামান শিখর ও তার পরিবারের বিরুদ্ধে প্রতিমন্ত্রী বীরেন শিকদারের বক্তব্য রয়েছে।
প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস-২) শিখরের বাবা প্রয়াত মো. আসাদুজ্জামান মাগুরার সংসদ সদস্য ছিলেন। তিনি ১৯৭৯ সালের সংসদে বিরোধীদলীয় নেতা ছিলেন।
পত্রিকার ওই সংবাদ প্রকাশের পর থেকে বীরেন শিকদার ও শিখরের অনুসারীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। সোমবার বিকালে মহম্মপুর উপজেলা ছাত্রলীগ মিছিল ও সমাবেশ করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদারের বিরুদ্ধে।
মঙ্গলবার সকাল থেকে বীরেন শিকদার সমর্থক নেতা-কর্মীরা উপজেলা পরিষদের মধ্যে জড়ো হতে থাকেন। অন্যপক্ষের সমর্থকরা অবস্থান নেন হাসপাতাল মোড়ে।
এক পর্যায়ে বীরেনের সমর্থকরা হাসপাতালের দিকে এবং অন্যপক্ষের নেতা-কর্মীরা উপজেলা সদরের দিকে এগোনোর চেষ্টা করলে উত্তেজনা সৃষ্টি হয়। তখন পুলিশ গিয়ে উভয় পক্ষের মাঝে দাঁড়িয়ে দুই পক্ষকে হটিয়ে দেয়।
পরে বীরেন শিকদারের সমর্থকরা বাস স্ট্যান্ড এলাকায় সমাবেশ করে। সেখানে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রব্বানী, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, কোরবান আলী ও উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব রেজা বিকো।
একই সময়ে হাসপাতাল এলাকায় তিন রাস্তার মোড়ে সমাবেশ করে শিখর সমর্থকরা। সেখানে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, মফিজুর রহমান চেয়ারম্যান, মোস্তফা সিদ্দিকী লিটন চেয়ারম্যান, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ঈদুল শেখ।
উত্তেজনার জন্য মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রব্বানী ও সাধারণ সম্পাদক আব্দুল মান্নান পরস্পরকে দায়ী করলেও নিজ নিজ কর্মসূচি ‘শান্তিপূর্ণভাবে’ পালন করেছেন বলে দাবি করেন উভয়ই।
