ছাত্রলীগকে টিটকারিতে ব্যথিত হন আশরাফ
আওয়ামী লীগের অনেকে ছাত্রলীগকে নিয়ে টিটকারি করে মন্তব্য করে সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, এতে ব্যথিত হন তিনি।
রোববার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ছাত্রলীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বলেন, “অনেকেই ছাত্রলীগকে নিয়ে টিটকারি করে, এর মধ্যে আমাদের দলের লোকজনও আছেন। এতে আমি অত্যন্ত ব্যথিত হই।”
বর্তমান বাংলাদেশের সমাজ ব্যবস্থায় ছাত্র রাজনীতি করা খুবই ‘দুরুহ’ মন্তব্য করে তিনি বলেন, “তারা (ছাত্রলীগ) বয়সে তরুণ, ভুলভ্রান্তি হতেই পারে। তাদের প্রতি সাধারণ মানুষ সম্মানটুকু দেখায় না। আমাদের সহকর্মীদের অনেকেই ছাত্রলীগের অবদানের কথা বলেন না। যত অপকর্ম আছে চাঁদাবাজ, সন্ত্রাসী, টেন্ডারবাজ-এ ধরনের বিশেষণে বিশেষায়িত করেন তারা ছাত্রলীগকে।
“ছাত্রলীগকে যদি আমরা রাজনীতির বলী করি, আর এখানেই তাদের শেষ করে দেই, তবে বাংলাদেশের ভবিষ্যতের কী হবে?”
জনপ্রশাসনমন্ত্রী আশরাফ বলেন, “আজকে আমি যে পর্যায়ে এসেছি তার পুরোটাই ছাত্রলীগের কল্যাণে। ছাত্রলীগেই আমি রাজনীতির অনুশীলন করার সুযোগ পেয়েছি।”
ছাত্র রাজনীতি ভবিষ্যৎ নেতা হওয়ার প্রশিক্ষণ কেন্দ্র-মন্তব্য করে তিনি বলেন, “পৃথিবীর সব দেশেই শক্তিশালী ছাত্র রাজনীতি বিদ্যমান আছে। এখানেই তাদের রাজনীতির প্রশিক্ষণ হয় ভবিষ্যতের নেতা হওয়ার। দেশে ছাত্রলীগ সেই দায়িত্বটাই পালন করে আসছে। প্রতিবছর তারা নতুন নতুন জাতীয় নেতা তৈরি করছে। ধারাবাহিক রাজনীতির জন্য এটা খুবই প্রয়োজন।”
‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা ও বিশিষ্ট ক্রীড়াবিদ বীরমুক্তিযোদ্ধা শহীদ শেখ কামাল’ এর জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত ওই সভায় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ সভাতিত্ব করেন। সংগঠনের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেইনের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য ও সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য এ কে এম এনামুল হক শামীম, ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবিদ আল হাসান ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স প্রমুখ বক্তব্য দেন।
