২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আত্মসমর্পণ করে জামিন নিলেন সাবেক মেয়র মহিউদ্দিন

চট্টগ্রাম সিটি করপোরেশনের মালিকানাধীন দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগে ১৩ বছর আগে করা একটি মামলায় আদালতে আত্মসমর্পন করে জামিন পেয়েছেন সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2015, 05:13 PM

Updated : 22 Aug 2022, 12:59 PM

পাশাপাশি শারীরিক অসুস্থতার কারণে এ মামলায় ব্যক্তিগত হাজিরা থেকেও অব্যাহতি পেয়েছেন তিনি।

রোববার এ বিষয়ে আদেশ দেন চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. রুহুল আমিন।

এই মামলার অন্য ১৫জন আসামির জামিনও মঞ্জুর হয় বলে মহিউদ্দিনের আইনজীবী রণি কুমার দে জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলাটি মহানগর দায়রা জজ আদালত থেকে বিচারের জন্য বিভাগীয় বিশেষ জজ আদালতে সম্প্রতি স্থানান্তরিত হয়েছে।

“মহিউদ্দিন চৌধুরীসহ মামলার ১৬ আসামি আদালতে আত্মসমর্পন করে জামিন চান। আদালত প্রত্যেককে ৩০ হাজার টাকার বন্ডে জামিন মঞ্জুর করেছেন।”

এছাড়া মহিউদ্দিন চৌধুরী শারীরিক অসুস্থতার কারণে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি চেয়ে প্রতিনিধির মাধ্যমে হাজিরা দেওয়ার আবেদন করলে আদালত তাও মঞ্জুর করেন বলে তিনি জানান।

চট্টগ্রাম নগরীর মুরাদপুর এলাকায় সিটি করপোরেশন নির্মিত ২৩টি দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগে ২০০২ সালে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলাটি করে।

২০০৬ সালে এই মামলায় ১৬ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়।

তবে মহিউদ্দিনের রিট আবেদনের প্রেক্ষিতে ২০০৬ থেকে ২০১২ সাল পর্যন্ত মামলার কার্যক্রম স্থগিত ছিল। ২০১২ সালের ডিসেম্বরে স্থগিতাদেশ প্রত্যাহারের পর আবার মামলার কার্যক্রম শুরু হয়।

এদিকে, রোববার বিভাগীয় বিশেষ জজ আদালতে মহিউদ্দিনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা আরেকটি মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল।

এ মামলার বিষয়ে তার আইনজীবী বলেন, সাক্ষী হাজির না হওয়ায় সাক্ষ্যগ্রহণ হয়নি। রাষ্ট্রপক্ষ সময় প্রার্থনা করলে আদালত তা মঞ্জুর করেছেন।