জামিনে মুক্তি পেলেন দুদু
নাশকতার মামলায় উচ্চ আদালতের জামিনে কারাগার থেকে ছাড়া পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু।
গাজীপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার মো. নাসির আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জামিনের কাগজপত্র হাতে পাওয়ার পর শুক্রবার বেলা সোয়া ১২টার দিকে দুদুকে মুক্তি দেওয়া হয়।
বিএনপির লাগাতার অবরোধের মধ্যে গত ১২ জানুয়ারি শামসুজ্জামান দুদুকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর নাশকতার ১৭টি মামলায় তাকে গেপ্তার দেখানো হয়।
এর মধ্যে আটটি মামলায় বিচারিক আদালতে জামিন না পেয়ে হাই কোর্টে যান দুদু। গত ৭ জুলাই হাই কোর্টের একটি বেঞ্চ এসব মামলায় তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেয়।
রাষ্ট্রপক্ষ এর বিরুদ্ধে আপিল বিভাগে গেলে সেখানেও দুদুর জামিন বহাল থাকায় শুক্রবার তাকে মুক্তি দেয় কারা কর্তৃপক্ষ।
