ছেলের শ্বশুরের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে খালেদা
ঢাকা আগস্ট ০৬- তারেক রহমানের শ্বশুর সাবেক নৌপ্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে ধানমণ্ডিতে তার বাড়িতে মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বৃহস্পতিবার ছিলো মাহবুব আলী খানের ৩১তম মৃত্যুবার্ষিকী। এই উপলক্ষে রাতে ‘মাহবুব ভবন’ মিলাদ ও দোয়া মাহফিল হয়।
বিএনপি চেয়ারপারসনের পাশাপাশি সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী রফিক-উল-হক, সাবেক নৌ প্রধান রিয়ার এডমিরাল শাহ ইকবাল মুজতবা, মাওলানা শাহ অলিউল্লাহও এই মিলাদে ছিলেন।
উপস্থিত ছিলেন এলডিপি নেতা অলি আহমদ, বিএনপি নেতা মওদুদ আহমদ, মাহবুবুর রহমান, আ স ম হান্নান শাহ, এম কে আনোয়ার, জমিরউদ্দিন সরকার, আবদুল মঈন খান, শাহ মোয়াজ্জেম হোসেন, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, আলতাফ হোসেন চৌধুরী, সেলিমা রহমান, আবদুল মান্নান, ইনাম আহমেদ চৌধুরী, আবদুল হালিম, এ জেড এম জাহিদ হোসেন, আবদুল কাইয়ুম, মাহবুবউদ্দিন খোকন, ফজলুল হক মিলন, আসাদুজ্জামান রিপন, মাসুদ আহমেদ তালুকদার, শহীদউদ্দিন চৌধুরী এ্যানি মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস, খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ইশতিয়াক আজিজ উলফাৎ, আনোয়ার হোসেইন, নুরে আরা সাফা, শিরিন সুলতানা, হাবিব উন নবী খান সোহেল, মীর সরফত আলী সপু, হাফেজ আবদুল মালেক, আকরামুল হাসান।
প্রয়াত নৌ প্রধানের স্ত্রী সৈয়দা ইকবাল মান্দ বানু, তাদের বড় মেয়ে শাহিনা খান জামান, তার স্বামী অবসরপ্রাপ্ত কমোডর এ আর শফিউজ জামানসহ পরিবারের সদস্যরা অতিথিদের স্বাগত জানান।
সিলেটের বিরামহীমপুরে সকালে প্রয়াতের কবরে মাহবুব আলী স্মৃতি সংসদসহ বিভিন্ন সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। সেখানে দিনব্যাপী কোরআন খানি হয়, মাদ্রাসায় এতিমদের মধ্যে খাবার বিতরণ করা হয়।
এছাড়া সিলেটে হজরত শাহ জালাল (রহ.) ও হজরত শাহ পরান (রহ.) মাজার এবং বগুড়ায় স্থানীয় বিএনপির উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল হয়।
মাহবুবের মেয়ে জোবাইদা রহমান স্বামী তারেক রহমানের সঙ্গে লন্ডনে রয়েছেন। সেখানেও দোয়া মাহফিল হয়েছে।
ইকবাল মান্দ বানু পরিচালিত বেসরকারি সংগঠন ‘সুরভী’ দোয়া মাহফিল ও দুস্থ শিশুদের মধ্যে খাবার বিরতণের মধ্য দিয়ে প্রয়াত নৌ প্রধানের প্রতি শ্রদ্ধা জানায়।
১৯৮৪ সালে ৬ আগস্ট মারা যান নৌ প্রধান মাহবুব।
