২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি নিশ্চিহ্ন হতে চলেছে: নাজমুল হুদা

বিএনপি `নিশ্চিহ্ন' হতে চলেছে বলে মন্তব্য করেছেন ব্যারিস্টার নাজমুল হুদা, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাঁচ বছর আগে দলটি থেকে বহিষ্কৃত হয়েছিলেন যিনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2015, 10:29 PM

Updated : 22 Aug 2022, 12:57 PM

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি-জামায়াত জোট সরকারের মন্ত্রী নাজমুল হুদা বলেন, “বিএনপি যে নিশ্চিহ্ন হতে চলেছে তার দলের শীর্ষ নেতাদের আচরণেই তা স্পষ্ট।”

বক্তব্যের পক্ষে যুক্তি তুলে ধরে তিনি বলেন, “বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর মাত্র তিন সপ্তাহ বাকি রয়েছে, অথচ এ নিয়ে কারও কোনো চিন্তা-ভাবনা বা আগ্রহ রয়েছে বলে প্রতীয়মাণ হয় না। অথচ অতীতে প্রতিবছরই প্রতিষ্ঠাবার্ষিকীর চিন্তা-ভাবনা শুরু হত জুলাই মাসে এবং সারাদেশে নেতাকর্মীদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশও দেওয়া হত।

“দলের বর্তমান আচরণে মনে হয় তারা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর কথা ভুলেই গেছে।”

১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধু নিহত হওয়ার পর ক্ষমতার পালাবদলের এক পর্যায়ে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসেন জিয়াউর রহমান। তিন তারকা জেনারেল থাকাকালে তার তত্ত্বাবধানে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠা হয়।

প্রতিষ্ঠাকালে বিএনপিতে ছিলেন নাজমুল হুদা। দলটি থেকে কয়েক দফায় বহিষ্কৃত হয়ে আবার ফিরে যাওয়ার নজিরও রয়েছে তার।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি থেকে ২০১০ বহিষ্কৃত হন সহসভাপতি নাজমুল হুদা। ২০১২ সালের অগাস্ট মাসে তিনি বিএনএফ গঠনের ঘোষণা দেন। এরপর ২০১৩ সালের ফেব্রুয়ারিতে নিজেকে ওই দল থেকে সরিয়ে নেন।

বিএনএফের কর্তৃত্ব হারানোর পর বিএনপিতে ফেরার আগ্রহ নিজ থেকে জানিয়েছিলেন তিনি।

সর্বশেষ গত বছর নভেম্বরে এক সংবাদ সম্মেলনে ‘জাতীয় মানবাধিকার পার্টি’ নামে নতুন দল গঠনের ঘোষণা দেন নাজমুল হুদা।