অসুস্থ ফখরুল দোয়া চেয়েছেন দেশবাসীর
সিঙ্গাপুরে চিকিৎসাধীন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার রোগ মুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
তিনি বৃহস্পতিবার টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সারাক্ষণই দেশের জন্য মনটা টানে।
“বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে। দেশবাসীসহ দলের সব স্তরের নেতা-কর্মী-সমর্থকের কাছে আমি দোয়া চাইছি, যাতে সুস্থ হয়ে দ্রুত দেশ ফিরে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করতে পারি।”
কয়েকটি মামলায় জামিনে মুক্তির পর ইন্টারনাল ক্যারোটিড আর্টারিতে ব্লক অপসারণে মির্জা ফখরুল গত ২৭ জুলাই সিঙ্গাপুর যান। ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটাল এবং ইকোনো হসপিটালের তিন বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে তার চিকিৎসা চলছে।
বাবার সঙ্গে দেখা করতে অস্ট্রেলিয়া থেকে স্বামী-সন্তান নিয়ে বড় মেয়ে শামারুহ মির্জা বৃহস্পতিবার সিঙ্গাপুরে পৌঁছেছেন। সিঙ্গাপুরে মির্জা ফখরুলের সঙ্গে তার স্ত্রী রাহাত আরা বেগমও রয়েছেন।
নিজের চিকিৎসার সর্বশেষ অবস্থা জানিয়ে ফখরুল বলেন, “আমার ইন্টারন্যাল ক্যারোটিড আর্টারির যে জায়গায় ব্লক সৃষ্টি হয়েছে, এটা খুবই জটিল। তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করছেন। ওইসব পরীক্ষার রিপোর্টগুলো তারা পর্যালোচনা করে চিকিৎসা দিচ্ছেন। এখনও আরও কয়েকটি রিপোর্ট বাকি আছে।”
অস্ত্রোপচার করতে হবে কি না- জানতে চাইলে তিনি বলেন, “এটা খুবই জটিল একটি সার্জারি। এটা যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার বিশেষায়িত কয়েকটি হাসপাতালেই হয়ে থাকে। দেখা যাক, ডাক্তাররা কী বলেন।”
বাংলাদেশে মাকে অসুস্থ রেখে যাওয়ার কথা জানিয়ে এই রাজনীতিক বলেন, “তাকে নিয়ে মনটা ব্যাকুল থাকে। এর ওপর আমার এই জটিল রোগের চিন্তা। এবার আমি ৬ মাসের অধিক সময় কারাগারে ছিলাম, সেখানে অনেক অসুস্থ নেতা-কর্মী রেখে এসেছি, যাদের কথা আমার প্রায়ই মনে জাগে।”
অসুস্থতার মধ্যেও বাংলাদেশের রাজনীতি, বিএনপির নেতা-কর্মীদের খবরাখবর রাখছেন বলে জানান তিনি।
“খবরের জন্য ইন্টারনেটই এখন আমার সবসময়ে সঙ্গী।”
সিঙ্গাপুরে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা বিশেষ করে দলের নেতা-কর্মীরা টেলিফোনে তার খোঁজ-খবর নিচ্ছেন বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
