২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না-মঞ্জুরের পর পুনর্বিবেচনায় ফালুর জামিন

নাশকতার এক মামলায় খালেদা জিয়ার উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালুকে জামিন দিয়েছে ঢাকার একটি আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2015, 03:27 PM

Updated : 25 Apr 2022, 01:42 PM

এই বিএনপি নেতা বাড্ডা থানার একটি মামলায় বৃহস্পতিবার সকালে আত্মসমর্পণ করলে মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান মৌখিকভাবে তার আবেদন নাকচ করে দেন।

এরপর শারীরিক অবস্থা বিবেচনা করে আসামির আইনজীবীরা আদেশটি পুনর্বিবেচনার আবেদন করলে আদালত তা মঞ্জুর করে।

ফালুর আইনজীবী সানাউল্লাহ মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ বছরের ফেব্রুয়ারিতে বাড্ডায় নাশকতার এক ঘটনায় ফালুকে ‘হুকুমদাতা’ হিসেবে দেখিয়ে মামলা করে পুলিশ।

হত্যা চেষ্টা, সরকারি কাজে বাধা এবং পুলিশের উপর চড়াও হওয়ার অভিযোগের পাশাপাশি বিস্ফোরক দ্রব্য আইন এবং বিশেষ ক্ষমতা আইনে অপরাধের কথাও বলা হয় ওই মামলায়।

এ মামলায় পুলিশ প্রতিবেদন হওয়া পর্যন্ত ফালুকে জামিন দিয়েছিল হাই কোর্ট। গত ২৪ জুন পুলিশ তদন্ত প্রতিবেদন দেওয়ার দেড় মাস পর বৃস্পতিবার তিনি আদালতে আত্মসমর্পণ করেন।

রাষ্ট্রপক্ষে শুনানিতে উপস্থিত মহানগর পিপি আবদুল্লাহ আবু বলেন, “না-মঞ্জুরের পর ফালু অসুস্থতার অভিনয় করেছেন।”