২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আসুন আলোচনা করি নির্বাচন নিয়ে: নোমান

নতুন নির্বাচনের দাবি জানিয়ে তা নিয়ে আলোচনার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2015, 12:46 AM

Updated : 22 Aug 2022, 12:58 PM

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে আমানউল্লাহ আমানের মুক্তির দাবিতে এক প্রতিবাদ সমাবেশে তিনি এই আহ্বান জানান।

ঢাকা জেলা বিএনপি ঘোষিত পাঁচ দিনের কর্মসূচি অংশ হিসেবে জেলা জাতীয়তাবাদী যুবদল এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।

গত রোববার ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আদালতে আত্মসমপর্ন করলে বিচারক ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আমানকে কারাগারে পাঠায়।

নোমান বলেন, “আমরা সকলের মতামত ও সমঝোতার ভিত্তিতে একটি অবাধ নির্বাচন চাই। সরকারকে আহ্বান জানাচ্ছি, আসুন আলোচনার মধ্য দিয়ে নির্বাচন নির্ধারণ করি।

“কখন হবে নির্বাচন, কখন হবে না- এসব প্রশ্নের চেয়ে বড় প্রশ্ন হচ্ছে, আমরা নীতিগতভাবে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। সেই নির্বাচনে জনগণ যাতে ভোট দিতে পারে, সব রাজনৈতিক দল যাতে অংশ নিতে পারে।”

৫০ শতাংশের কম ভোট হলে অনেক দেশে পুনরায় নির্বাচন অনুষ্ঠানের বিধানের কথাও তুলে ধরেন বিএনপির এই নেতা।

নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবিতে নোমান বলেন, “আওয়ামী লীগের ক্যাডারদের মাধ্যমে যে নির্বাচন কমিশন গঠিত হয়েছে, সেই কমিশনকে বাতিল করে নতুনভাবে সকলের গ্রহণযোগ্য কমিশন গঠন করতে হবে।”

বিএনপিকে সংগঠিত করতে নেতা-কর্মীদের নিজ নিজ এলাকায় এলাকায় ছোট ছোট সমাবেশ করার পরামর্শও দেন তিনি।

ঢাকা জেলা যুবদলের সভাপতি নাজিম উদ্দিনের সভাপতিত্বে এই প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা সভাপতি আবদুল মান্নান, যুবদলের কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান হাবিব, মোস্তাফিজুর রহমান বাবুল, নাজিমউদ্দিন আলম, সাইফুদ্দিন আহমেদ মনি, খন্দকার লুৎফর রহমান, এবিএম মোশাররফ হোসেন, রফিক শিকদার, কাজী রফিক, শহীদুল ইসলাম বাবুল।