২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইন এখন সবার জন্য সমান নয়: বিএনপি

গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়ার বিচারের পথ খুলে দিয়ে হাই কোর্টের দেওয়া আদেশের প্রতিক্রিয়ায় বিএনপি বলেছে, বাংলাদেশে এখন আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ হচ্ছে না।    

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2015, 07:45 PM

Updated : 22 Aug 2022, 12:56 PM

বুধবার হাই কোর্টের আদেশের পর নয়া পল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই প্রতিক্রিয়া জানান বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন।

তিনি বলেন, “আইন এখন সবার জন্য সমান নয়। বিচার একেক জনের জন্য একেক রকম চলছে। আমরা দেখছি, একই যাত্রায় দুই ফল। আইন কারও জন্য চলে দ্রুত গতিতে, আবার কারও জন্য চলে ধীরগতিতে।”

“আইন ও বিচার সরকারের প্রভাবমুক্ত হয়ে কাজ করতে পারছে না,” মন্তব্য করে রিপন আবার বলেন, “তারপরও আমরা বিচারকদের প্রাজ্ঞতা ও ন্যায়পরায়ণতার প্রতি আস্থা রাখতে চাই।”

বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে জিয়া ট্রাস্টের দুটি দুর্নীতি মামলার বিচার বর্তমানে চলছে। গ্যাটকো দুর্নীতি মামলার বৈধতা চ্যালেঞ্জ করে তার রিট আবেদন বুধবার হাই কোর্ট খারিজ করে দেওয়ায় এখন এই মামলার বিচারও শুরু হবে।

আদালতের স্থগিতাদেশে আটকে যাওয়া বিভিন্ন মামলা সচলে দুদকের উদ্যোগের প্রতিক্রিয়ায় বিএনপি বলে আসছে, খালেদা জিয়াকে নির্বাচনে অযোগ্য করতে মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করতে চাইছে সরকার। 

খালেদা জিয়ার মামলার সঙ্গে প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের মামলার গতির তুলনা করেন বিএনপি নেতা রিপন।

“হুসেইন মুহাম্মদ এরশাদের মামলার তারিখ মাসের পর মাস পরে হয়। আবার আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে বিশেষ ট্রাইব্যুনালে যে মামলা চলছে, সেটার সপ্তায়-সপ্তায় তারিখ পড়ছে। এটা বিচারকের ব্যাপার। বিচারক মহোদয় বোধ হয় দ্রুত নিষ্পন্ন করতে চান। অন্যদিকে এরশাদের মামলার যে বিচারক আছেন, তিনি হয়ত অনেক ধীরে সুস্থে বিচার বিশ্লেষণ করে মামলাটি পরিচালনা করতে চান।”

বিশেষ ট্রাইব্যুনালে এরশাদের মামলার বিচারক বদলের পর নতুন করে যুক্তিতর্ক শুনানির বিষয়টি তুলে ধরে রিপন বলেন, “আমরা দেখতে পারছি, আসলে বিচারাঙ্গনে সমানভাবে সবকিছু হচ্ছে না।

“কেবল তাই নয়, অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দের বিরুদ্ধে যেসব মামলা রয়েছে, তাদের মামলাগুলো স্থগিত হয়েছে। আওয়ামী লীগ সভানেত্রীর বিরুদ্ধে মামলা বাতিল হয়ে গেছে। নাইকো-গ্যাটকো মামলা তার বিরুদ্ধেও (শেখ হাসিনা) ছিল, তা স্থগিত অথবা বাতিল হয়ে গেছে। এজন্য আমরা বলছি, এক যাত্রায় দুই ফল হচ্ছে।”

বাংলাদেশে সাম্প্রতিক শিশু হত্যাসহ কয়েকটি ঘটনা আইনের শাসনহীনতার ফল বলে দাবি করেন বিএনপির মুখপাত্র।

“বিচারহীনতার সংস্কৃতির কারণে দেশে এক অব্যবস্থা বিরাজ করছে। আজকের পত্রিকায় এসেছে, শাসক দলের এমপি বলেছেন- ‘যারে সামনে পাইবি মাইরা ফেলা’। এই হচ্ছে শাসকদের উন্মত্ততা, যা নৈরাজ্য-বিশৃঙ্খলাকে আরও উসকে দেয়।”

সরকারের কর্মকাণ্ডে হতাশ হলেও প্রধান বিচারপতি এস কে সিনহার বক্তব্যে আশ্বস্ত বিএনপি। 

“যেহেতু তিনি বাংলাদেশের প্রধান বিচারপতি। আমরা আশা করব, আইন যাতে ঠিকমতো প্রয়োগ হয়, বিচার যাতে ঠিকমতো চলে, সবার জন্য যাতে এক বিচার হয়, তা তিনি নিশ্চিত করবেন।”

আশরাফকে সাধুবাদ, আমুর সমালোচনা

বিভাজন ঘোচাতে আওয়ামী লীগের মুখপাত্র সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্যকে সাধুবাদ জানিয়েছেন বিএনপির মুখপাত্র রিপন।

“সৈয়দ আশরাফুল ইসলাম সাহেব জাতীয় ঐক্যের কথা বলেছেন, যার যার প্রাপ্য সম্মানের কথা বলেছেন, এসব খুবই জরুরি। আমরাও একমত, জাতীয় নানা ইস্যুতে আমাদের মধ্যে ঐকমত্য হওয়া উচিৎ। কাউকে অবহেলা কিংবা কাউকে ছোট করে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করা যায় না।”

একই সঙ্গে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে কটাক্ষ করে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর বক্তব্যের সমালোচনা করেন রিপন।

মঙ্গলবার জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় সৈয়দ আশরাফ ১৫ অগাস্ট জন্মদিন পালন না করতে খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়ে বিভাজন ঘোচানোর কথা বলেছিলেন।

ওই সভায় আমু বলেছিলেন, “বঙ্গবন্ধু হত্যার সময় মীরজাফরের ভূমিকায় ছিলেন মোস্তাক আর জিয়া লর্ড ক্লাইভের ভূমিকায় আসল নায়ক হিসাবে বঙ্গবন্ধুকে খুন করিয়েছিলেন।”

“আমরা প্রতিহিংসার রাজনীতি, অতীতাশ্রয়ী রাজনীতিতে বিশ্বাস করি না। এ থেকে বেরিয়ে আসতে হবে। আমরা ঐক্যের রাজনীতিতে বিশ্বাস করি। আমরা প্রতিশোধপরায়ণ নই। সবাইকে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই,” বলেন রিপন।

সংবাদ সম্মেলনে রিপনের সঙ্গে ছিলেন দলের সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক সৈয়দ মেহেদি আহমেদ রুমী, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, মুস্তাফিজুর রহমান বাবুল, শাম্মী আখতার প্রমুখ।

পুরনো খবর:

খালেদার গ্যাটকো মামলাও চলবে, আত্মসমর্পণের নির্দেশ
আমরা আর বিভাজন চাই না: আশরাফ