২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আওয়ামী লীগের শ্রদ্ধা

ঢাকায় প্রতিকৃতিতে ফুল দেওয়ার পর টুঙ্গীপাড়ায় জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে শোকের মাস অগাস্টের কর্মসূচি শুরু করেছে আওয়ামী লীগ। 

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2015, 09:55 AM

Updated : 25 Apr 2022, 01:40 PM

শনিবার প্রথম প্রহরে ধানমণ্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে মোমবাতি জ্বালিয়ে এবং প্রতিকৃতিতে ফুল দেওয়ার পর সকালে দলীয় সাধারণ সম্পাদক আশরাফুল ইসলামের নেতৃত্বে টুঙ্গীপাড়া রওনা হন আওয়ামী লীগ নেতারা।  

দুপুরে টুঙ্গীপাড়া পৌঁছে প্রথমে আওয়ামী লীগের পক্ষ থেকে সমাধিতে ফুল দেওয়া হয়। এরপর ফুল দেওয়া হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে।

এরপর আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন এবং গোপালগঞ্জের নেতারা ফুল দিয়ে জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানান।

এবার ৪০ দিন ধরে নানা কর্মসূচিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণের কর্মসূচি দিয়েছে ক্ষমতাসীন দলটি।

সৈয়দ আশরাফ বিশেষ মর্যাদায় জাতির জনকের ৪০তম শাহাদত বার্ষিকী পালন করতে সবার প্রতি আহ্বান জানান।

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও মিলাদ মাহফিল শেষে তিনি বলেন, “এবার জাতির জনকের ৪০তম শাহাদত বার্ষিকী। সে কারণে জাতীয় শোক দিবস ৪০ দিনব্যাপী পালন করব।

“ইতোমধ্যে যুবলীগ গতকাল শুরু করেছে, আমরা আজকে এখানে এসেছি। প্রত্যেকটা সংগঠনই বিভিন্ন কর্মসূচি নিয়েছে।”

সকাল সাড়ে ৬টায় জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরা‌ফের সরকারি বাড়ি থেকে কয়েকটি বা‌সের বহর নিয়ে টুঙ্গীপাড়া রওনা হন আওয়ামী লীগ নেতারা।

এর মধ্যে ছিলেন দলের উপ‌দেষ্টা প‌রিষ‌দের সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফা‌য়েল আহমেদ, ইউসুফ হো‌সেন হুমায়ুন, সভাপ‌তিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ম‌তিয়া চৌধুরী, সাহারা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর ক‌বির নানক, সাংগঠ‌নিক সম্পাদক আহম্মদ হো‌সেন, খা‌লিদ মাহমুদ চৌধুরী,‌ মিসবাহ উদ্দিন সিরাজ, আইন বিষয়ক সম্পাদক আব্দুল ম‌তিন খসরু, সাবেক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম।  

ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, সাধারণ সম্পাদক ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হো‌সেন চৌধুরী মায়া, কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ফ‌রিদুন্নাহার লাইলী, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হো‌সেন, উপপ্রচার সম্পাদক অসীম কুমার উকিল, কেন্দ্রীয় কমিটির সদস্য এনামুল হক শামীম, এস এম কামাল হো‌সেন, সু‌জিত রায় নন্দী, প্রতিমন্ত্রী জুনা‌ইদ আহ‌মেদ পলকও ছিলেন এই দলে।

উপ‌দেষ্টা প‌রিষদের সদস্য ও শিল্পমন্ত্রী আমির হো‌সেন আমু, সাংগঠ‌নিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন না‌সিম, বি এম মোজা‌ম্মেল হক, আবু সাইদ আল মাহমুদ স্বপন, দপ্তর সম্পাদক আব্দুল মান্নান খান, কেন্দ্রীয় নেতা এ কে এম রহমতুল্লাহ, মুকুল বোস আলাদাভাবে গিয়ে যোগ দেন টুঙ্গীপাড়ার কর্মসূচিতে।

স্বেচ্ছা‌সেবক লী‌গের মোল্লা মোহাম্মদ আবু কাওসার, যুব ম‌হলা লী‌গের নাজমা আক্তার ও অপু উকিল, ছাত্রলী‌গের নতুন নেতারাও আলাদাভাবে যান।

১৯৭৫ সালের ১৫ অগাস্ট সেনাবাহিনীর একদল কর্মকর্তা ও সৈনিকের হাতে সপরিবারে জীবন দিতে হয় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নায়ক ও তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবকে।

বঙ্গবন্ধুর স্ত্রী বেগম ফজিলাতুন নেছা মুজিব, তিন ছেলে শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল, শেখ কামালের স্ত্রী সুলতানা কামাল, শেখ জামালের স্ত্রী রোজী জামাল, বঙ্গবন্ধুর ছোট ভাই শেখ নাসের, বঙ্গবন্ধুর বোনের স্বামী আবদুর রব সেরনিয়াবাত, তার ছেলে আরিফ, মেয়ে বেবী ও শিশুপৌত্র সুকান্ত বাবু; বঙ্গবন্ধুর ভাগ্নে যুবনেতা শেখ ফজলুল হক মণি, তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মণি, নিকটাত্মীয় শহীদ সেরনিয়াবাত ও রিন্টু, পুলিশের বিশেষ শাখার সাব ইন্সপেক্টর সিদ্দিকুর রহমান ও বঙ্গবন্ধুর সামরিক সচিব কর্নেল জামিলও নিহত হন সেই রাতে।

জাতির জনকের এ হত্যাকাণ্ড স্মরণে ১৫ অগাস্ট জাতীয় শোক দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

পুরনো খবর:

জাতীয় শোক দিবস ঘিরে ৪০ দিনের কর্মসূচি আ. লীগের