‘আন্দোলন ঠেকাতে ছাত্রদল সভাপতিকে গ্রেপ্তার’
সরকারের ষড়যন্ত্রের অংশ হিসেবে ছাত্রদল সভাপতিকে মিথ্যা অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছেন সংগঠনটিরর সাবেক নেতারা।
রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে এক সংবাদ সম্মেলন জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক নেতাদের পক্ষে সংগঠনটির প্রতিষ্ঠাতা আহ্বায়ক কাজী আসাদুজ্জামান এই অভিযোগ করেন।
তিনি বলেন, “আমরা মনে করি, ছাত্রদলের সভাপতি রাজীব আহসানের গ্রেপ্তার শুধু বিরোধী রাজনৈতিক শক্তিকে দমন নয়, বরং মাদক ও ইয়াবা দিয়ে গ্রেপ্তার দেখিয়ে ছাত্র রাজনীতি ও ছাত্র নেতৃত্ব সম্পর্কে নেতিবাচক ধারণা সৃষ্টির অপকৌশল।”
“যাতে করে গণধিকৃত, ভোটারবিহীন নিবার্চনের মাধ্যমে ক্ষমতায় অধিষ্ঠিত সরকারের বিরুদ্ধে কোনো কার্য্কর ছাত্র আন্দোলন গড়ে উঠতে না পারে।’’
এ ঘটনায় পুলিশ সদস্যদের ভূমিকারও নিন্দা জানান জানান তিনি।
১৯ জুলাই পটুয়াখালীর কালুখালি ফেরীঘাট থেকে ছাত্রদল সভাপতি রাজীব আহসানকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, ছাত্রদল সভাপতি যে গাড়িতে ছিলেন, তাতে থাকা একাধিক লাগেজ তল্লাশি করে ৪৫টি ইয়াবা ট্যাবলেট ও এক বোতল মদ পাওয়া গেছে।
ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসানকে গ্রেপ্তারে তার বাড়িতে তল্লাশির নামে পরিবারের সদস্যদের লাঞ্ছিত করা হয়েছে বলেও অভিযোগ করেন কাজী আসাদুজ্জামান।
সংবাদ সম্মেলনে ছাত্রদলের সাবেক সভাপতি শামসুজ্জামান দুদু, রুহুল কবির রিজভী ও বর্তমান সভাপতি রাজীব আহসানসহ সব রাজনৈতিক নেতাদের মুক্তির দাবিও জানান তিনি।
“সরকারকে বলব, রাজনৈতিক নেতৃবৃন্দের চরিত্রহননের সর্বনাশা পথ থেকে সরে আসুন।”
সংবাদ সম্মেলনে ছাত্রদলের সাবেক নেতাদের মধ্যে ফজলুল হক মিলন, নাজিমউদ্দিন আলম, শিরিন সুলতানা, হেলেন জেরিন খান, আসাদুল করীম শাহিন, এবিএম মোশাররফ হোসেন, রফিক শিকদার, বজলুল করীম চৌধুরী আবেদ, আমিরুজ্জামান শিমুল উপস্থিত ছিলেন।
এছাড়া ছাত্রদলের বর্তমান নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সহসভাপতি এজমল হোসেন পাইলট, মনিরুজ্জামান রিজিম, কামাল হোসেন, জয়দেব জয়, আবদুস সাত্তার পাটোয়ারি, মামুন হোসেন ভুঁইয়া, মুশফিকুর রহমান লেলিন, মেহবুব মাসুম শান্ত।
