২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রলীগের নেতা নির্বাচনে তৎপর সাবেকরা

ছাত্রলীগের সম্মেলন ঘিরে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থী ঠিক করতে তৎপরতা চালাচ্ছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠনের সাবেক নেতারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2015, 08:40 PM

Updated : 22 Aug 2022, 12:52 PM

শনিবার দুপুরের পর থেকে আওয়ামী লীগের সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়সহ আশপাশের বিভিন্ন স্থানে দফায় দফায় বৈঠক করছেন তারা।

বিকাল সাড়ে ৪টার দিকে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে দেড় ঘণ্টাব্যাপী বৈঠক করেন ছাত্রলীগের বর্তমান ও সাবেক সভাপতি-সাধারণ সম্পাদকরা।

ছাত্রলীগের নেতৃত্বে কাকে কাকে আনা যায় তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদারের ‘সিন্ডিকেটের’ ‘আশীর্বাদ’ ছাড়া এই সংগঠনের পদ পাওয়া সম্ভব নয় বলে অভিযোগ করে আসছিলেন পদপ্রত্যাশীদের অনেকে।

শনিবার নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের এক নেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “লিয়াকত শিকদার যেন আরেক আওরঙ্গ হয়ে উঠছেন। তার অনুসারীরা বলছে, এখন শেখ হাসিনা শুনছেন-পরে সজীব ওয়াজেদ জয়ও লিয়াকত শিকদারের কথা শুনবে।”

শরীয়তপুরের সাবেক সাংসদ প্রয়াত কে এম হেমায়েত উল্লাহ আওরঙ্গ আশির দশকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগে ‘শরীয়তপুর-মাদারীপুর গ্রুপটি’ নিয়ন্ত্রণ করতেন বলে বলা হয়। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক আওরঙ্গ তখন সন্ত্রাস, দখলদারিত্ব, চাঁদাবাজি নিয়ে আলোচিত-সমালোচিত ছিলেন তিনি।

বিকালের বৈঠকে ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের সঙ্গে ডজনখানেক সাবেক নেতা উপস্থিত ছিলেন।

Image
লিয়াকত শিকদার, ফাইল ছবি

লিয়াকত শিকদার, ফাইল ছবি

তাদের মধ্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী সাইফুজ্জামান শিখর, বাহাদুর ব্যাপারী, লিয়াকত শিকদার, এনামুল হক শামীম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, খালিদ মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম বাবু, মাহমুদুল হাসান রিপন, মাহফুজুর হায়দার চৌধুরী রোটনসহ অনেকেই উপস্থিত ছিলেন।

বৈঠকে উপস্থিত একজন জানান, রাতেই তারা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে নিজেদের পছন্দের প্রার্থীদের কথা প্রধানমন্ত্রীকে জানাবেন বলে সিদ্ধান্ত হয়েছে।

এদিকে সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীরা বিভিন্ন জেলা ইউনিটের কাউন্সিলরদের মোবাইলে এসএমএস পাঠিয়ে তাদের সমর্থন প্রত্যাশা করছেন।

সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ২৮তম সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভোটের মাধ্যমে ছাত্রলীগের নেতৃত্ব নির্বাচনের পরামর্শ দিয়ে তিনি বলেন, “ছাত্রলীগের নেতৃত্ব সম্পূর্ণ ভোটে নির্বাচিত হবে। কেউ ঠিক করে দেবে না।

“ছাত্রলীগের যারা কাউন্সিলর, তারা যাকে চাইবে, তাকে ভোট দিয়ে নির্বাচিত করবে।”

এবার সম্মেলনে ছাত্রলীগের মোট ১১০টি জেলা ইউনিটের কাউন্সিলররা রয়েছেন। তাদের মধ্যে প্রবাসের নয়টি জেলা ইউনিটের সদস্যরাও আছেন।

পুরনো খবর:

ভাবমূর্তি নষ্ট করা চলবে না: ছাত্রলীগকে হাসিনা
ছাত্রলীগ ‘এতিমদের’ সংগঠন: নাজমুল
ছাত্রলীগের সম্মেলন: ঘুরে ফিরেই লিয়াকত শিকদারের নাম