২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আসুন, নতুন সূচনা করি: খালেদাকে সুরঞ্জিত

বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে খালেদা জিয়া জন্মদিন পালন না করে দিনটি ‘সার্বজনীনভাবে’ পালনে সহযোগিতা করলেই সমঝোতার রাজনীতি ‘আরেকধাপ’ এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2015, 03:06 PM

Updated : 22 Aug 2022, 12:52 PM

বিএনপিনেত্রীর উদ্দেশে তিনি বলেছেন, “এবার আসুন, আমরা একটি নতুন সূচনা করি।”

শুক্রবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারর্স ইনস্টিটিউট মিলনায়তনে চলমান রাজনীতি নিয়ে এক আলোচনা সভায় সুরঞ্জিতের এ মন্তব্য।

১৯৭৫ সালের ১৫ অগাস্ট ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। সে সময় দেশের বাইরে থাকায় বেঁচে যান আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা।   

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ওই দিনটিতেই কেক কেটে জন্মদিন পালন করেন, যদিও তার আরও জন্ম তারিখের হদিস পাওয়া যায়।

ক্ষমতাসীন দলের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত আলোচনায় বলেন,“আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম গণমাধ্যমের সম্পাদকদের ডেকে বলেছেন- এবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুদিবসটি সার্বজনীনভাবে পালন করা যায় কিনা।”

এ বিষয়ে বিএনপিনেত্রী খালেদা জিয়ার ‘সহযোগিতা’ চেয়ে তিনি বলেন, “তিনি অন্তত ১৫ অগাস্ট তার ওই মিথ্যা জন্মদিনটি পালন না করে যদি বঙ্গবন্ধুর এই মৃত্যু দিবসটি সার্বজনীনভাবে পালনে সাহায্যে করেন, তাহলে আমরা গণতন্ত্রের অভিযাত্রায় একধাপ এগিয়ে যাব। আমরা সংঘাতমূলক রাজনীতি থেকে সমঝোতার রাজনীতিতে আরেকধাপ এগিয়ে যাব। আমরা মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনাকে অমলিন ও সমুন্নত রাখার জন্য একটি সমঝোতার ভিত্তি খুঁজে পাব।”

বিএনপি ‘পেট্রোল ও ককটেল বোমার রাজনীতি’ থেকে গণতান্ত্রিক শান্তিপূর্ণ রাজনীতিতে ‘ফিরে এসেছে’ মন্তব্য করে সুরঞ্জিত বলেন, দলটি এখন ‘বিভ্রান্তির রাজনীতি’ থেকেও ফিরে আসবে বলে তিনি আশা করেন।

নৌকা সমর্থক গোষ্ঠী নামে একটি সংগঠন এই আলোচনা সভার আয়োজন করে।

সংগঠনের সভাপতি এমদাদুল হক সেলিমের সভাপতিত্বে অন্যদের মধ্যে মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, নৌকা সমর্থক গোষ্ঠীর মহাসচিব হুমায়ূন কবির মিজি বক্তব্য দেন।