২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জরুরি বৈঠকে উপদেষ্টা পরিষদ, যোগ দিলেন মির্জা ফখরুলও

রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় শুরু হওয়া এ বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2025, 11:22 AM

Updated : 26 Aug 2026, 05:26 PM

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শেষকৃত্যের বিষয়ে সিদ্ধান্ত নিতে জরুরি বৈঠকে বসেছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ।

মঙ্গলবার বেলা সাড়ে ১০টার পর রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় শুরু হওয়া এ বৈঠকে বিশেষ আমন্ত্রণে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পরে তিনি সাংবাদিকদের বলেন, "আমাদের অভিভাবক, বাংলাদেশের গণতন্ত্রের আপসহীন নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে বর্তমান কেয়ারটেকার সরকার তারা তাদের শোক জানিয়েছেন।

“এবং আমাকে আজকে দেশনেত্রীর জানাজা, তার দাফন এবং অন্ত্যেষ্টিক্রিয়ার সমস্ত কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কো-অর্ডিনেট করার জন্য তারা আজকে আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন কেবিনেট মিটিংয়ে। সেখানে আলোচনা হয়েছে।

ফখরুল বলেন, “কিছুক্ষণ পরেই আপনারা সেগুলো জানতে পারবেন, তাদের প্রেস সেক্রেটারি আপনাদেরকে জানাবে। আমাদের প্রধান উপদেষ্টা তিনি বোধহয় একটা জাতির উদ্দেশ্যে ভাষণও দেবেন। আপনারা তাদের কাছ থেকেই সবকিছু জানতে পারবেন।

“যেহেতু তাদের মিটিং, তারাই জানাবেন, সেটাই ভালো হবে। আমাদের বিষয়গুলো আমরা আপনাদেরকে সকালে জানিয়েছি। আর আমাদের সাড়ে ১২টার সময় আমাদের স্ট্যান্ডিং কমিটির একটা মিটিং আছে । সেই মিটিংয়ে আমাদের সমস্ত সিদ্ধান্তগুলো চূড়ান্ত করে আমরা আপনাদেরকে আবারও জানাব।

“টাইম টু টাইম জানাতে থাকব এবং সে ক্ষেত্রে আপনাদের কাছে আমরা সর্বাত্মক সহযোগিতা চাইবো। আপনারা সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন।"

৪০ দিন ধরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে মঙ্গলবার ভোর ৬টায় মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে ‘আপসহীন নেত্রী’ অভিধা পাওয়া খালেদা জিয়া বিএনপির নেতৃত্ব দিয়েছেন ৪১ বছর। তিনি পাঁচবারের সংসদ সদস্য, তিনবারের প্রধানমন্ত্রী, আর বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করেছেন দুইবার।

খালেদা জিয়াকে দেশের ইতিহাসে ‘গুরুত্বপূর্ণ অধ্যায়’ হিসেবে বর্ণনা করে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এক শোকবার্তায় বলেন, “বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জাতি তার এক মহান অভিভাবককে হারাল। তার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত।”

তিনি বলেন, “বাংলাদেশে গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। তার আপসহীন নেতৃত্বের ফলে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে, মুক্তির অনুপ্রেরণা পেয়েছে। দেশ ও জাতির প্রতি তার অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

“রাজনৈতিক মতপার্থক্য সত্ত্বেও জাতির কল্যাণে তার দীর্ঘ রাজনৈতিক যাত্রা, গণমুখী নেতৃত্ব এবং দৃঢ় মনোবল সব সময় পথ দেখিয়েছে। তার মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ ও পরীক্ষিত রাজনীতিককে হারাল।”