১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

তালেবানের আমন্ত্রণে আফগানিস্তানে মামুনুলসহ ৭ আলেম

প্রতিনিধি দলটি মানবাধিকার ও নারী অধিকার বিষয়ে পশ্চিমা মহলে যে সমালোচনা রয়েছে, সে বিষয়েও আলোচনা করবে, বলছে খেলাফত মজলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2025, 11:36 PM

Updated : 26 Aug 2026, 02:19 PM

তালেবান সরকারের আমন্ত্রণে আফগানিস্তান সফরে গেছে সাত আলেমের একটি প্রতিনিধি দল।

প্রতিনিধি দলটি বুধবার কাবুল পৌঁছায় বলে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। 

খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হকের নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছেন হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা আব্দুল হামিদ (মধুপুরের পীর), মাওলানা আব্দুল আউয়াল, মাওলানা আব্দুল হক, মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী, মাওলানা মনির হোসাইন কাসেমী ও মাওলানা মাহবুবুর রহমান।

প্রতিনিধি দলটি দেশটির প্রধান বিচারপতি, মন্ত্রী ও শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিনিধি দলটি বিশেষভাবে মানবাধিকার ও নারী অধিকার বিষয়ে পশ্চিমা মহলে যে সমালোচনা রয়েছে, সে প্রসঙ্গেও বাস্তব অবস্থান সরাসরি তুলে ধরবে। সম্প্রতি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাও দেখতে যাবেন তারা।

সফরকালে দুই দেশের আলেমদের সম্পর্কান্নয়নসহ কূটনৈতিক সম্পর্ক জোরদার, ব্যবসা-বাণিজ্য, চিকিৎসা ও শিক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয় প্রাধান্য পাবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। 

আফগানিস্তান ছাড়াও মধ্য এশিয়ার আরও কয়েকটি দেশে মাওলানা মামুনুল হকের যাওয়ার কথা রয়েছে বলে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

গত ১৪ সেপ্টেম্বর মাওলানা মামুনুল হকসহ প্রতিনিধি দলটি পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যায়। ওমরাহ পালন শেষে প্রতিনিধিদলটি দুবাই হয়ে কাবুল পৌঁছায়।