২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংস্কার শেষ না হলে ভোটে যাবে কি না, ‘ভাববে’ এনসিপি: আখতার

“বাংলাদেশে নির্বাচনের মাধ্যমে শুধুমাত্র ক্ষমতার পরিবর্তন হওয়া, ক্ষমতার কাঠামোকে অক্ষুণ্ন রেখে, সেটা কোনোভাবেই প্রত্যাশিত নয়।”

সংস্কার শেষ না হলে ভোটে যাবে কি না, ‘ভাববে’ এনসিপি: আখতার
জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2025, 08:42 PM

Updated : 26 Aug 2026, 01:17 PM

মৌলিক সংস্কার শেষ না হলে জাতীয় নাগরিক পার্টি আগামী নির্বাচনে অংশ নেবে কিনা, সেটা পুনর্বিবেচনা করার কথা বলেছেন নতুন রাজনৈতিক দল এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।

রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক শেষে তিনি বলেন, এনসিপি শুরু থেকে বলে আসছে শুধু নির্বাচন পরিচালনা করা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নয়। 

“নির্বাচন আয়োজনের পূর্বে অবশ্যই পালনীয় কিছু বিষয় রয়েছে। জুলাই ঘোষণাপত্র প্রণয়ন করা, মৌলিক সংস্কারে ভিত্তিতে জুলাই সনদ করা। বিচার কাজ দৃশ্যমান করা এবং নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড এবং নিরপেক্ষতা নিশ্চিত করা। 

“যদি অন্তর্বর্তীকালীন সরকার এই অবশ্য পালনীয় কাজগুলো করতে ব্যর্থ হয়। সেক্ষেত্রে সামনের নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে কিনা সেটা আমরা পুনর্বিবেচনা করব।”

আখতার বলেন, “বাংলাদেশে নির্বাচনের মাধ্যমে শুধুমাত্র ক্ষমতার পরিবর্তন হওয়া, ক্ষমতার কাঠামোকে অক্ষুণ্ন রেখে, সেটা কোনোভাবেই প্রত্যাশিত নয়। আমরা চাইব, বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে মৌলিক সংস্কারের পথ আমরা বের করব। আমরা যদি সংস্কারের প্রশ্নে কোনো একটা জায়গায় ছাড় দিই, তাহলে গোটা জাতির স্বার্থ সেখানে কাটা পড়ে যায়। 

“বাংলাদেশের ২৪ এর অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা স্বপ্ন দেখেছিলাম যে বাংলাদেশে গণতান্ত্রিক রূপান্তর ঘটবে, রাষ্ট্রের যে অর্গানগুলো আছে সেখানে ক্ষমতার ভারসাম্য থাকবে, ক্ষমতার বিকেন্দ্রীকরণ থাকবে। সেই জন্যই মৌলিক সংস্কার প্রয়োজন।”

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বৈঠকের পর বলেন সাংবিধানিক ও সংবিধিবদ্ধ সংস্থায় নিয়োগের জন্য একটি স্থায়ী কমিটির গঠনে রাজনৈতিক দলগুলোর মধ্যে ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে। 

জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

“তবে এই প্রস্তাবিত সাংবিধানিক ও সংবিধিবদ্ধ সংস্থার নিয়োগ কমিটি (আগের প্রস্তাবে নাম ছিল জাতীয় সাংবিধানিক কাউন্সিল) গঠনে এখনও বিএনপির আপত্তি রয়েছে।”

সবাই শতভাগ একমত হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া ‘প্রায় অসম্ভব’ মন্তব্য করে জামায়াতের নায়েবে আমির বলেন, “আমরা চেষ্টা করছি কীভাবে এই জটিলতা কমানো যায়। প্রস্তাবিত নিয়োগ কমিটি নিয়ে আলোচনা চলছে এবং এর লক্ষ্য হল নিরপেক্ষ, যোগ্য ও মেধাবী ব্যক্তিদের এসব গুরুত্বপূর্ণ পদে নিয়োগ নিশ্চিত করা।

তাহের বলেন, “এই কমিটি গঠনের মাধ্যমে প্রধানমন্ত্রীর ক্ষমতার কোনো সংকোচন বা পরিবর্তন হবে না। এসব কমিটি কখনোই প্রধানমন্ত্রীর অধীন ছিল না এবং এক্সিকিউটিভ অংশের সাথে এর কোনো সম্পর্ক নেই। এটি ইনডিপেনডেন্ট কাজ। আগে প্রতিটি কমিটির নিয়োগের জন্য আলাদা সার্চ কমিটি গঠন করা হত, যেখানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের সুযোগ বেশি ছিল। নতুন প্রস্তাবিত স্থায়ী কমিটি এই সুযোগ কমাবে।

“কেউ কেউ এটাকে ভুল বুঝে বলতে চাচ্ছিলেন যে এরকম একটা কমিটি থাকলে প্রধানমন্ত্রীর হাত পা বেঁধে দেওয়া হবে। আসলে এর সাথে প্রধানমন্ত্রীর হাতও জড়িত নাই পাও জড়িত নাই।"

আব্দুল্লাহ তাহের বলেন, “বিএনপির আপত্তি আছে, এরকম কমিটি গঠন করুক এটায় তারা রাজি না। অধিকাংশ দল, অর্থাৎ দুই-তৃতীয়াংশের বেশি এই প্রস্তাবের সাথে একমত হয়েছে। অধিকতর সংস্কার এবং আলোচনার মাধ্যমে সকল পক্ষকে ঐকমত্যে আনা সম্ভব হবে।

“জাতির স্বার্থে সকল রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ হওয়া জরুরি এবং এর মাধ্যমে একটি 'সুষ্ঠু নির্বাচন' সম্ভব হবে যা দেশকে রাজনৈতিক দুর্বৃত্তায়ন থেকে মুক্ত করে পরিবর্তন আনবে।”