১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আনোয়ার হোসেন মঞ্জু আটক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সহিংসতার ঘটনায় পাঁচটি মামলার আসামির তালিকায় নাম রয়েছে মঞ্জুর।

আনোয়ার হোসেন মঞ্জু আটক
আনোয়ার হোসেন মঞ্জু

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2024, 01:19 AM

Updated : 26 Aug 2026, 10:23 AM

আওয়ামী লীগের জোট শরিক জেপির (মঞ্জু) চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাকের সাবেক সম্পাদক আনোয়ার হোসেন মঞ্জুকে আটক করেছে পুলিশ।  

সোমবার রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে আটক করা হয় বলে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের যুগ্ম কমিশনার (উত্তর) রবিউল ইসলাম ভুঁইয়া জানান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সহিংসতার ঘটনায় পাঁচটি মামলার আসামির তালিকায় নাম রয়েছে মঞ্জুর। 

নব্বইয়ের দশকে এরশাদ সরকারের মন্ত্রী মঞ্জু ১৯৯৬-২০০১ আওয়ামী লীগ নেতৃত্বাধীন ঐকমত্যের সরকারেও মন্ত্রী ছিলেন। সে সময় তিনি ছিলেন জাতীয় পার্টির মহাসচিব। পরে তিনি দল ভেঙে আলাদা সংগঠন শুরু করেন, যা এখন জাতীয় পার্টি (মঞ্জু) হিসাবে পরিচিত।   

২০১৪ সালের ১২ জানুয়ারি আওয়ামী লীগ টানা দ্বিতীয় মেয়াদে সরকার গঠন করলে মঞ্জুকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের মন্ত্রী করেন তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে দপ্তর পাল্টে মঞ্জুকে তিনি দেন পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব।

পিরোজপুর-২ আসন থেকে ছয়বার সংসদ সদস্য হলেও সর্বশেষ দ্বাদশ সংসদ নির্বাচনে হেরে যান মঞ্জু। তার বাবা তোফাজ্জল হোসেন মানিক মিয়া ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক। 

আনোয়ার হোসেন মঞ্জু ১৯৭২ থেকে ১৯৭৫ পর্যন্ত ইত্তেফাকের সম্পাদক ছিলেন। বর্তমানে আনোয়ার হোসেন মঞ্জুর স্ত্রী তাসমিমা হোসেন ইত্তেফাকের সম্পাদক। এই দম্পতির মেয়ে তারিন হোসেন ইত্তেফাকের বর্তমান প্রকাশক।