১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

২৮ অক্টোবর নয়া পল্টন চায় বিএনপি, সিদ্ধান্ত ‘জানায়নি’ ডিএমপি

বিএনপিকে ২০২২ সালের ১০ ডিসেম্বরের ঘটনাপ্রবাহ মনে করিয়ে দিচ্ছে আওয়ামী লীগ।

২৮ অক্টোবর নয়া পল্টন চায় বিএনপি, সিদ্ধান্ত ‘জানায়নি’ ডিএমপি

গত ১৮ অক্টোবর নয়া পল্টনের এই জমায়েত থেকেই ২৮ অক্টোবরের সমাবেশের ডাক দেওয়া হয়। তবে সমাবেশের স্থল ঘোষণা হয়নি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2023, 10:29 PM

Updated : 22 Oct 2023, 10:21 AM

সরকার পতনের ‘এক দফার চূড়ান্ত আন্দোলনে’ আগামী ২৮ অক্টোবর ঢাকার নয়া পল্টনের দলীয় কার্যালয়ের সামনের সড়কে জমায়েত হতে চায় বিএনপি।

কর্মসূচি ঘোষণার তিন দিন পর শনিবার এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশকে (ডিএমপি) চিঠি দেওয়া হয়েছে দলটির পক্ষ থেকে।

তবে ডিএমপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা এসব বিষয়ে (সমাবেশ) ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে চিঠি দিয়ে থাকি। এবারও দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভাইয়ের স্বাক্ষরে চিঠি দিয়েছি ব্যবস্থা গ্রহণের জন্য।”

ডিএমপির জনসংযোগ বিভাগের উপকমিশনার ফারুক হোসেনও এই তথ্য নিশ্চিত করেছেন। আপনারা কী ভাবছেন, এই প্রশ্নে তিনি বলেন, “আবেদন জমা পড়েছে। পরবর্তীতে আলোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।”

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আদায় ও বর্তমান সরকারের পতনের দাবিতে গত বুধবার এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি সেদিন বলেন, “আগামী ২৮ তারিখ শনিবার আমরা ঢাকায় মহাসমাবেশ করব। এই মহাসমাবেশ থেকে আমাদের মহাযাত্রা শুরু হবে। ইনশাআল্লাহ তারপরে সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা আর থেমে থাকব না।”

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপির এই আন্দোলনের লক্ষ্য হলো নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায়। সংবিধানের বিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনে নির্বাচনে যেতে তারা নারাজ।

নির্বাচন নিয়ে দেশের দুই প্রধান রাজনৈতিক শক্তির এই অবস্থান ফিরিয়ে এনেছে দশম সংসদ নির্বাচনের স্মৃতি। একই দাবিতে ওই নির্বাচন বর্জন করে ২০১৩ সালে আন্দোলনে যায় এবং সহিংসতার মধ্য দিয়ে নির্বাচন হয়।

আগামী ২৮ অক্টোবরের এই সমাবেশকে ঘিরেও তৈরি হয়েছে রাজনৈতিক উত্তেজনা। গত কয়েক মাস ধরে রাজধানীতে বিএনপির কর্মসূচির দিন ক্ষমতাসীন দলের কর্মসূচি থাকছে। এবারও সেদিন বায়তুল মোকাররমের দক্ষিণ গেইটে সমাবেশ রেখেছে আওয়ামী লীগ।

ইতোমধ্যে ক্ষমতাসীন দলের নেতারা বিএনপিকে ২০২২ সালের ১০ ডিসেম্বরের ঘটনাপ্রবাহ স্মরণ করিয়ে দিয়েছেন।

Image

২০২২ সালের ১০ ডিসেম্বর বিএনপি নয়াপল্টনে বিভাগীয় সমাবেশ করতে চেয়েছিল। তবে পুলিশ অনুমতি দেয়নি। ৭ ডিসেম্বর দলীয় কার্যালয়ের সামনে ব্যাপক সংঘর্ষ হয়। এরপর সমাবেশ স্থল ঠিক হয় সায়েদাবাদের গোলাপবাগে।

প্রায় এক বছর আগের সেই দিনটিতে ঢাকায় বিএনপি বিভাগীয় সমাবেশ ডেকেছিল। সেদিন থেকে ‘বেগম খালেদা জিয়ার নির্দেশে দেশ চলবে’ বলে দলের নেতাদের পক্ষ থেকে বক্তব্য আসার পর রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বিএনপি সেই সমাবেশটিও করতে চেয়েছিল নয়াপল্টনে। তবে পুলিশের পক্ষ থেকে সোহরাওয়ার্দী উদ্যানে জমায়েত হওয়ার পরামর্শ দেওয়া হয়।

কর্মসূচির তিন দিন আগে ‘অনুমতি ছাড়াই’ নয়াপল্টনে জড়ো হওয়ার ঘোষণা দিলে পুলিশের সঙ্গে নেতা-কর্মীদের সংঘর্ষ শুরু হয়। গ্রেপ্তার হন মির্জা ফখরুলসহ জ্যেষ্ঠ নেতারা।

শেষ পর্যন্ত সমাবেশটি হয় নয়াপল্টন থেকে কিলোমিটার পাঁচেক দূরে শহরের এক প্রান্তে সায়েদাবাদের কাছে গোলাপবাগ মাঠে। সেই মাঠে গরুর হাট বসে বলে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়, বিএনপির আন্দোলন ‘গরুর হাটে মারা পড়েছে’।

ক্ষমতাসীন দলের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ শনিবার সেই ঘটনাপ্রবাহ স্মরণ করিয়ে বলেছেন, “গত বছরের ১০ ডিসেম্বর নয়াপল্টন অফিসের সামনে থেকেও বিএনপি সরকারের ‘পতনযাত্রা’ শুরু করতে চেয়েছিল, সেটি গোলাপবাগের গরুর হাটে গিয়ে মারা পড়েছিল।

“এবারও সরকারের বিরুদ্ধে পতনযাত্রা শুরু করতে গিয়ে বিএনপি নিজেদের পতনযাত্রা শুরু করবে। এ পতনযাত্রা যমুনা কিংবা বুড়িগঙ্গা নদীতে গিয়ে ডুবে যাবে। আর চট্টগ্রামে করলে কর্ণফুলী কিংবা বঙ্গোপসাগরে ডুবিয়ে দেয়া হবে।”

আওয়ামী লীগের পক্ষ থেকে বিএনপিকে দেওয়া ‘শেষ বার্তা’য় ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনকালীন সরকারের প্রধানমন্ত্রী থাকবেন শেখ হাসিনা। আর আগামী নির্বাচনে জিতে আবার সরকার গঠন করবেন তিনি।

২৮ অক্টোবরে কর্মসূচি নিয়ে শনিবার সাংবাদিকদের সঙ্গেও কথা বলেছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার হাবিবুর রহমানও।

তিনি বলেছেন, “সমাবেশের অধিকার সবার রয়েছে। পুলিশ সেখানে নিরাপত্তাও দিয়ে থাকে। কিন্তু এসবের আড়ালে যদি কেউ সহিংস পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করেন এবং ঢাকার ২ কোটি ২৪ লাখ নাগরিকের জানমালের শঙ্কা দেখা দেয়, এমন যে কোনো পরিস্থিতি অত্যন্ত কঠোর হাতে দমন করা হবে।”

আরও পড়ুন:

পুরনো খবর:

১০ ডিসেম্বর বিএনপি ‘মরেছে গরুর হাটে’, এবার বুড়িগঙ্গায়: তথ্যমন্ত্রী
সহিংসতার চেষ্টা প্রতিরোধ করবে জনগণ ও পুলিশ: ডিএমপি কমিশনার
শেখ হাসিনাই ‘আবার প্রধানমন্ত্রী’, বিএনপিকে কাদেরের ‘শেষ বার্তা’
২৮ অক্টোবর থেকে আন্দোলনের ‘মহাযাত্রা’: ফখরুল