১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

সহিংসতার চেষ্টা প্রতিরোধ করবে জনগণ ও পুলিশ: ডিএমপি কমিশনার

বিএনপির ২৮ অক্টোবরের সমাবেশের আড়ালে সহিংসতা তৈরির চেষ্টা রোধে পুলিশ ছাড়াও অন্যান্য গোয়েন্দাসংস্থাগুলোও কাজ করছে, কোথাও কোন তথ্য পেলে পুলিশ ব্যবস্থা নেবে, বলেন ডিএমপি কমিশনার

সহিংসতার চেষ্টা প্রতিরোধ করবে জনগণ ও পুলিশ: ডিএমপি কমিশনার

ডিএমপি কমিশনার হাবিবুর রহমান

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2023, 02:37 PM

Updated : 21 Oct 2023, 02:37 PM

রাজনৈতিক সমাবেশের আড়ালে রাজধানীতে কোনও সহিংসতা হলে তা কঠোর হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার হাবিবুর রহমান।

শনিবার মেট্রোরেল পুলিশের কার্যক্রম পরিদর্শনে গিয়ে উত্তরা উত্তর (দিয়াবাড়ী) মেট্রো স্টেশনে তিনি এ কথা বলেন।

আগামী ২৮ অক্টোবর ঢাকায় সমাবেশের ডাক দিয়ে সেদিন থেকে সরকার পতনের ‘চূড়ান্ত আন্দোলন’ শুরুর ঘোষণা দিয়েছে বিএনপি।

বিএনপির সমাবেশ নিয়ে পুলিশ কি ভাবছে জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, “সমাবেশের অধিকার সবার রয়েছে। পুলিশ সেখানে নিরাপত্তাও দিয়ে থাকে। কিন্তু এসবের আড়ালে যদি কেউ সহিংস পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করেন এবং ঢাকার ২ কোটি ২৪ লাখ নাগরিকের জানমালের শঙ্কা দেখা দেয়, এমন যেকোনো পরিস্থিতি অত্যন্ত কঠোর হাতে দমন করা হবে।”

এদিকে বিএনপির পক্ষ থেকে ঢাকা অবরোধের মতো কর্মসূচি দিলে ‘খারাপ পরিণতির’ সতর্কতা দিয়ে রেখেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এ প্রসঙ্গে কমিশনার হাবিবুর রহমান বলেন, "পুলিশ ছাড়াও অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে। কোথাও কোনো তথ্য পেলে আমরা সাথে সাথে ব্যবস্থা নেব।

“আপনারা জানেন ২০১৩-২০১৪ সালের দিকে এই ধরণের অপচেষ্টা করা হয়েছিল। সেটা কেবল ঢাকা নয় সারা বাংলাদেশ জুড়েই করা হয়েছিল। সেটা কিন্তু বাংলাদেশের জনগণ, বাংলাদেশের পুলিশ শক্ত হাতে প্রতিহত করেছে এবং সন্ত্রাসীরা কিন্তু পরাজিত হয়েছে। আমরা আশা করি আগামীতে এই ধরণের যেকোনো অপচেষ্টা জনগণ ও পুলিশ একসাথে প্রতিহত করবে।"

বিএনপির ২৮ অক্টোবরের সমাবেশ ঘিরে অনেক রকম গুজব আছে এবং মানুষ শঙ্কিত হচ্ছে- এ বিষয়ে পুলিশ কী করছে জানতে চাইলে হাবিবুর রহমান বলেন, “এ বিষয়ে দীর্ঘদিন ধরে একটি স্বার্থান্বেষী মহল ফেইসবুক, ইউটিউবসহ নানা মাধ্যমে গুজব ছড়িয়ে এই দেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমি মনে করি বাংলাদেশের মানুষ সচেতন, এসব গুজবে কান দেবেন না। পাশাপাশি গণমাধ্যমগুলো গুজব প্রতিরোধে শক্তিশালী ভূমিকা রাখবে বলে আমরা আশা করি।"

এসময় এমআরটি পুলিশ নিয়েও কথা বলেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, এমআরটি পুলিশে একজন ডিআইজির নেতৃত্বে এখন ৫৩৭ জন জনবল নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু এখানে সরকারি অনুমোদন রয়েছে ২৩৮ জনের।