প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকায় শোভাযাত্রা থেকে ‘আন্দোলনের’ ডাক বিএনপির
সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর, খালেদা জিয়ার মুক্তির দাবিও জানান দলের মহাসচিব।
দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেছে বিএনপি।
বৃহস্পতিবার বিকালে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শুরু শোভাযাত্রা কাকরাইলের নাইটিঙ্গেল মোড়, বিজয় নগর সড়ক, পল্টনের মোড় হয়ে জাতীয় প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়।
বড় আকারের জাতীয় পতাকা ও দলীয় পতাকার পাশাপাশি রঙ বেরঙের ব্যানার-ফেস্টুন, দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতিকৃতিসহ নানা বাদ্যযন্ত্র নিয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী শোভাযাত্রায় অংশ নেন। এতে ঘোড়ার গাড়ি ও হাতিও ছিল।
পূর্ব ঘোষিত এ শোভাযাত্রা উপলক্ষে নয়া পল্টনসহ শান্তিনগর পর্যন্ত বিপুল সংখ্যক পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন ছিল। দুপুর থেকে নয়া পল্টনের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। শোভাযাত্রা শুরু হওয়ার পর এক ঘণ্টা নয়া পল্টন, ফকিরাপুল, মালিবাগ, বেইলি রোড, কাকরাইল, বিজয় নগর সড়কে ব্যাপক যানজট সৃষ্টি হয়। এতে খালেদা জিয়ার মুক্তি দাবিসহ বিভিন্ন শ্লোগান দেন নেতাকর্মীরা।
শোভাযাত্রার সম্মুখভাগ যখন নাইটিঙ্গেল মোড়ে তখন মিছিলের শেষ ভাগ ছিল ফকিরাপুল মোড় পর্যন্ত। এতে বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণ ছিল চোখে পড়ার মত।
১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর ঢাকার রমনা গ্রিনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন রাজনৈতিক দল জাতীয়তাবাদী দল- বিএনপি প্রতিষ্ঠা করেন তৎকালীন রাষ্ট্রপতি, সাবেক সামরিক শাসক জিয়াউর রহমান।
নারায়ণগঞ্জে যুব দলকর্মী শাওন প্রধান নিহত হওয়ার প্রতিবাদে শুক্রবার বাদ জুম্মা দেশব্যাপী গায়েবানা জানাজা ও শনিবার প্রতিবাদ সভার কর্মসূচি ঘোষণা করেন ফখরুল।
শোভাযাত্রার আগে ট্রাকের ওপর দাঁড়িয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিষ্ঠাবার্ষিকীর দিন নারায়ণগঞ্জে পুলিশের হামলায় যুব দলের শাওন প্রধান নিহত হওয়ার ঘটনাসহ প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সময়ে দলের নেতাকর্মীদের আত্মত্যাগের কথা তুলে ধরেন।
বিএনপি এখন ‘সবচেয়ে বড় দল’ দাবি করে তিনি বলেন, ‘‘আপনারা দেখেছেন, কিছুদিন আগে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমানোর দাবিতে আমাদের আন্দোলনের কর্মসূচি করতে গিয়ে ভোলাতে আমাদের ছাত্র দলের নেতা নুরে আলম ও স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম পুলিশের গুলিতে শহীদ হয়েছে।”
তিনি অভিযোগ করে বলেন, “সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে আজকে বাংলাদেশ থেকে গণতন্ত্রকে নির্বাসিত করেছে। আপনারা জানেন যে, তারা জনগণের অধিকার হরণ করেছে। আমাদের নেত্রী যিনি সারাটা জীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন তাকে গৃহ অন্তরীণ করে রেখেছে। আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাকে মিথ্যা মামলায় সাজা দিয়ে বিদেশে নির্বাসিত করে রেখেছে। আমাদের ৩৫ লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।
‘‘যখন মানুষ তাদের ভোটাধিকার ফিরে পাওয়ার জন্য আন্দোলন করছে তখন তারা (সরকার) মনে করেছে চুরি করে, গুম করে, হত্যা করে, অত্যাচার-নির্যাতন করে এই আন্দোলনকে দমিয়ে রাখবে। এই বিএনপির জন্মই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য।”
এসময় তিনি সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর, খালেদা জিয়ার মুক্তির দাবি তুলে ধরে বিএনপি মহাসচিব, দেশে ‘গণতন্ত্র ফিরিয়ে’ আনতে সবাইকে ঐক্যবদ্ধভাবে ‘রাজপথ দখল করে দুর্বার আন্দোলন’ গড়ে তোলার আহ্বান জানান।
মহানগর বিএনপি উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে ও সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম বক্তব্য রাখেন।
শোভাযাত্রায় বিএনপি মহাসচিব ছাড়াও খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, শামসুজ্জামান দুদু, এজেডএম জাহিদ হোসেন, জয়নুল আবেদিন ফারুক, মশিউর রহমান, আবুল খায়ের ভুঁইয়া, রুহুল কবির রিজভী, মাহবুবউদ্দিন খোকন, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, ফজলুল হক মিলন, শামা ওবায়েদ, আবদুস সালাম আজাদসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতারা অংশ নেন।
