খালেদা জিয়ার সুস্থতায় পল্টনে দোয়া মাহফিল
“আমাদের জাতীয়তাবাদী রাজনীতির প্রেরণার উৎস তিনি,” বলেন বরকত উল্লাহ বুলু।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতায় দোয়া-মাহফিল করেছেন দলটির নেতাকর্মীরা।
মঙ্গলবার সকালে নয়াপল্টনের ভাসানী ভবনে ‘জিয়া মঞ্চ’র উদ্যোগে এবং বিকালে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গত রোববার থেকে এয়ারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বিএনপি চেয়ারপারসনের মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক এফ এম সিদ্দিকী জানান, খালেদা জিয়ার ফুসফুসে (চেস্টে) ইনফেকশন হয়েছে। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা চলছে।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বিএনপি চেয়ারপারসনের সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় মহানগর বিএনপি কার্যালয়ের ভাসানী মিলনায়তনে অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে অংশ নেন দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।
তিনি বলেন, “আজকে এখানে আমরা দোয়া চাইতে এসেছি—মহান আল্লাহ যেন বেগম খালেদা জিয়াকে বাঁচিয়ে রাখেন। তাহলে আমরা বেঁচে থাকব। আমরা মনে করি, বেগম জিয়া বেঁচে থাকলে বাংলাদেশ বেঁচে থাকবে। বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে তা থেকে মুক্তি পেতে হলে জাতীয়তাবাদী শক্তির এখন ঐক্যের প্রয়োজন। এই ঐক্যের প্রতীক হচ্ছেন বেগম খালেদা জিয়া।
“আসুন, তার জন্য আমরা সবাই মহান রাব্বুল আ‘লামীনের দরবারে দোয়া করি তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন, তিনি যেন আমাদের মাঝে আগের মতো কাজ করতে পারেন; আমাদের জাতীয়তাবাদী রাজনীতির প্রেরণার উৎস তিনি।”
এদিকে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে বুধবার সকাল ১১টায় ভাসানী ভবনে হবে দোয়া মাহফিল।
বিএনপির কেন্দ্রীয় কার্যালয় জানিয়েছে, সারাদেশে বিভিন্ন সংগঠনের তরফে দলের চেয়ারপারসনের আশু সুস্থতার জন্য দোয়া-মাহফিল অনুষ্ঠিত হচ্ছে।
