Published : 09 Aug 2026, 04:01 PM
জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ এখনো বহাল থাকায় রাষ্ট্রপতি নির্বাচনে তার ভোট দিতে কোনো বাধা নেই বলে দাবি করেছেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
রোববার সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, "যেসব সংসদ সদস্য পদত্যাগ করেননি বা যাদের সদস্যপদ বাতিল হয়নি, ভোটার তালিকায় নাম থাকলে তারা রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবেন।"
ত্রয়োদশ সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকে সাতক্ষীরা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন নজরুল ইসলাম।
এক নারীর সঙ্গে হোটেল কক্ষে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল হওয়ার পর গত জুন মাসে তাকে দল থেকে বহিষ্কার করে জামায়াত। দলীয় ওই সিদ্ধান্ত জাতীয় সংসদের স্পিকার এবং নির্বাচন কমিশনে চিঠি দিয়ে জানানো হয়।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ সে সময় বলেছিলেন, জামায়াত বহিষ্কার করলেও গাজী নজরুলের এমপি পদ নিয়ে নির্বাচন কমিশনের করার কিছু নেই। কারণ, নিয়ম অনুযায়ী, দল থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলে সংসদ সদস্য পদ শূন্য হয়।
বিষয়টি ব্যাখ্যা করে আইনজীবী আহসানুল করিম রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দল তাকে বহিষ্কার করেছে বটে। কিন্তু তিনি তো পদত্যাগ করেন নাই। সেজন্য ইনডিপেনডেন্ট ক্যারেক্টারে তার সদস্যপদ রয়ে গেছে। এটা একটা ডিফরেন্ট ইন্টারপ্রিটেশনের ব্যাপার। সেই হিসেবে তিনি ভোটটা দিতে পারবেন।”
তিনি বলেন, “তার তো সদস্যপদ এখনো খারিজ হয়ে যায়নি। আল্টিমেটলি তো স্পিকারের কাছে চিঠি যাবে। তারপর স্পিকার এটা পাঠাবে ইলেকশন কমিশনে। ইলেকশন কমিশন তাকে শুনবে, তারপর ডিসিশন দেবে।”
পুরনো খবর
দল থেকে বহিষ্কার ও এমপিপদ: কী ঘটতে যাচ্ছে গাজী নজরুলের ভাগ্যে?
নজরুলকে বহিষ্কারের কথা জানিয়ে স্পিকার ও ইসিকে চিঠি জামায়াতের
দল বহিষ্কার করলেও ইসির কিছু করার 'সুযোগ নেই': নজরুল প্রসঙ্গে ইসি মাছউদ