Published : 23 Jul 2026, 01:53 PM
সাতক্ষীরার শ্যামনগরের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে তার দল জামায়াতে ইসলামী বহিষ্কার করলেও তার এমপি পদ নিয়ে নির্বাচন কমিশনের করার কিছু নেই বলে জানিয়েছেন ইসি আব্দুর রহমানেল মাছউদ।
তিনি বলেছেন, দল বহিষ্কার করলেও ইসির কিছু করার সুযোগ নেই। তবে দল থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলে সংসদ সদস্য পদ শূন্য হয়।
বৃহস্পতিবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
ইসি মাছউদ বলেন, কেবল দলের বহিষ্কারের চিঠি দিয়ে এমপি পদ থাকা না থাকার আলোচনা একটি বিতর্কিত বিষয়। গাজী নজরুল ইসলামের পদ নিয়ে স্পিকার বা জাতীয় সংসদের তরফ থেকে কোনো আনুষ্ঠানিক ‘রেফারেন্স’ বা চিঠি পেলে আইন ও সংবিধান পর্যালোচনা করে ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন।
গেল ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকে সাতক্ষীরা-৪ আসন থেকে নির্বাচিত হন নজরুল ইসলাম।
সোমবার রাতে এক নারীর সঙ্গে তার অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ফেইসবুকে ছড়ায়। এ বিষয়ে প্রথমে জামায়াতের নেতাকর্মীরা এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি বলে দাবি করেন। এরপর মঙ্গলবার সংসদ সদস্য নজরুল ইসলাম ফেইসবুকে পোস্টে ওই নারীকে দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেন।
বুধবার বিকালে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সরকারি বাসভবনে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি সভায় মজলিসে শূরার এই সদস্যকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
জামায়াত বলছে, সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় তাকে গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে। বিষয়টি নির্বাচন কমিশনকে অবিলম্বে অবহিত করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলছেন, “দলের চিঠির ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া একটা কন্ট্রোভার্সিয়াল বিষয়। স্পিকার আমাদের কাছে রেফার করলে ডিসপিউট নিয়ে পর্যালোচনা, শুনানি করে সিদ্ধান্ত নেওয়া হবে।”
সংবিধানের ৬৬ অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যের অযোগ্যতার বিষয়ে স্পিকার যে ইসিকে জানাতে পারেন, সে কথা মনে করিয়ে দেন ইসি মাছউদ।
স্পিকার ও ইসিকে চিঠি দিচ্ছে জামায়াত
দলীয় তদন্তে ‘নৈতিক স্খলন’ প্রমাণিত হওয়ায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের দলীয় সিদ্ধান্ত জানিয়ে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও নির্বাচন কমিশনে চিঠি দিতে যাচ্ছে জামায়াতে ইসলাম।
জানতে চাইলে বৃহস্পতিবার দুপুরে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, “চিঠি তৈরি করা হচ্ছে। তাকে বহিষ্কারের বিষয়টি আজই স্পিকারের কার্যালয়ে ও নির্বাচন কমিশনকে অবহিত করব।”