২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির দুই দিনের কর্মসূচি

শুক্রবার দুপুরে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে হবে স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2026, 01:03 AM

Updated : 26 Aug 2026, 03:14 PM

স্বাধীনতা দিবস উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার ভোরে ঢাকার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়, চেয়ারম্যানের কার্যালয়সহ সারাদেশে জেলা-উপজেলা কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে।

সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রীয় অনুষ্ঠানের পরপরই জ্যেষ্ঠ নেতাদের নিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। 

এরপর সাভার থেকে ঢাকার ফিরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা সকাল ৭টায় শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করবেন।

শুক্রবার দুপুর আড়াইটায় রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে হবে স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা। সেখানে প্রধান অতিথি থাকবেন দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান।