২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাপাকে ভোটে সুযোগ দেওয়া ‘এক ধরনের এজেন্সির খেলা’: এনসিপি

“তাদেরকে ভোটে নিয়ে আসাটা আমরা কোনোভাবেই সরল চোখে দেখি না," বলেন আখতার হোসেন।

জাপাকে ভোটে সুযোগ দেওয়া ‘এক ধরনের এজেন্সির খেলা’: এনসিপি
ঢাকার বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে রোববার সংবাদ সম্মেলন করে জাতীয় নাগরিক পার্টি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2026, 07:51 PM

Updated : 26 Aug 2026, 05:30 PM

জাতীয় পার্টিকে 'গণহত্যার দোসর' আখ্যা দিয়ে দলটিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে দূরে রাখার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

দলটি মনে করে, জাতীয় পার্টিকে ভোটে সুযোগ করে দেওয়াটা ‘এক ধরনের এজেন্সির খেলা’। 

রোববার এক সংবাদ সম্মেলনে দলটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, "আমরা মনে করি, এই জাতীয় পার্টিকে নির্বাচনে নিয়ে আসা, এটাকে কোনোভাবে আমরা সরল চোখে দেখি না। এটা আওয়ামী লীগ পুনর্বাসন বা ‘এক ধরনের এজেন্সির খেলা’।

“বাংলাদেশের জনগণ কোনোভাবেই একটা এজেন্সির খেলার নির্বাচন বা এক ধরনের ডিজাইন ইলেকশন, এমন ধরনের কোনো পরিস্থিতি বাংলাদেশে তৈরি হোক, এটা কোনোভাবেই তারা বরদাস্ত করবে না।”

তিনি বলেন, “স্বৈরাচারের দোসর যারা আছেন, তারা যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, সে ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য সরকার ও নির্বাচন কমিশনের কাছে আমরা দাবি জানাচ্ছি।"

ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে রোববার ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এনসিপি নেতারা। 

সেই বৈঠক সম্পর্কে জানাতে সন্ধ্যায় ঢাকার বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে ডাকে এনসিপি। 

সংবাদ সম্মেলনে আখতার বলেন, "জাতীয় পার্টি স্বৈরাচার তৈরি করেছে, স্বৈরাচারকে বৈধতা দিয়েছে। যে জাতীয় পার্টির ব্যাকআপে আওয়ামী লীগ বাংলাদেশের হাজারো মানুষকে খুন করতে পেরেছে; গণহত্যার দোসর যে জাতীয় পার্টি, সে জাতীয় পার্টি যেন কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে।"

মনোনয়ন যাচাই-বাছাইয়ে প্রশাসন 'কিছু কিছু ক্ষেত্রে' পক্ষপাতমূলক আচরণ করছে অভিযোগ তুলে আখতার বলেন, "আমরা অনেক ক্ষেত্রে দেখেছি এমন দলের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তি, যারা হয়ত এমন অপরাধের সঙ্গে যুক্ত আছেন, যেটা কোনোভাবেই মনোনয়ন বৈধ হওয়ার ক্ষেত্রে প্রাসঙ্গিক হতে পারে না। 

“তারপরেও তাদের মনোনয়নকে বৈধ হিসেবে ঘোষণা করা হয়েছে। পক্ষান্তরে এমন অভিযোগ, যেটা হয়তো এই সময়ের প্রেক্ষাপটে কোনোভাবেই গ্রহণযোগ্য কোনো অভিযোগ হতে পারে না, সেই অভিযোগেও অনেকের মনোনয়ন কিন্তু অবৈধ ঘোষণা করা হয়েছে।”

আখতার বলেন, "আপনারা এই সময়টাতে খেয়াল করে দেখবেন, আমরা দীর্ঘ সময় ধরে স্বৈরাচারের যারা দোসর, জাতীয় পার্টি ও অন্যান্য যে দলগুলো আছে, তারা যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, সে ব্যাপারে আমরা আমাদের দাবি উত্থাপন করেছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো, এই নির্বাচনে সেই জাতীয় পার্টিকে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হচ্ছে এবং আমরা খেয়াল করে দেখেছি যে, রংপুরে যখন আমরা জাতীয় পার্টির প্রার্থীর মনোনয়নের বিষয়ে আপত্তি জানালাম, সে সময়টাতে সরকারি সংস্থাগুলো কোনো আপত্তি তোলেনি। "

জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়ার বিষয়ে আপত্তি তুলেছিলেন জানিয়ে এনসিপির সদস্য সচিব বলেন, "সেই আপত্তির প্রেক্ষাপটে রিটার্নি কর্মকর্তা যারা ছিলেন, তারা আসলে আইনি ফাঁকফোকরের মধ্য দিয়েই জাতীয় পার্টিকে এই নির্বাচনে অংশগ্রহণ করার এক ধরনের সুযোগ এখন পর্যন্ত দিয়ে চলছেন।"

আখতার হোসেন বলেন, "সামনে জাতীয় পার্টির ব্যাপারে হাই কোর্টে একটা সিদ্ধান্ত হবে।  সেই সিদ্ধান্তের আগে, একটা জিনিস আইনগতভাবে পেন্ডিং থাকা অবস্থায় কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না। কিন্তু তার সত্ত্বেও নির্বাচন কমিশন জাতীয় পার্টির ব্যাপারে একটা ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করেছে।”