১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হান্নান মাসউদের এমপি পদ শূন্য ঘোষণার দাবিতে রিট আবেদন

রিটকারীর আইনজীবী বলেন, "একজন সংসদ সদস্যের মধ্যে যদি স্বচ্ছতা, বিশ্বাসযোগ্যতা ও বৈধতা না থাকে, তাহলে তিনি ওই পদে থাকতে পারেন না।”

হান্নান মাসউদের এমপি পদ শূন্য ঘোষণার দাবিতে রিট আবেদন
এনসিপির সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ, ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2026, 02:12 PM

Updated : 11 Sep 2026, 03:52 PM

হলফনামায় তথ্য গোপন ও জালিয়াতির অভিযোগ এনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে এনসিপির সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের পদ শূন্য বা বাতিল ঘোষণার নির্দেশনা চেয়ে হাই কোর্টে একটি রিট আবেদন হয়েছে।

হাতিয়া উপজেলার বাসিন্দা এবং ওই আসনের ভোটার নাজমুল হোসেন বুধবার হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন করেন। 

আদালতে তার পক্ষে আবেদনটি জমা দেন সুপ্রিম কোর্টের আইনজীবী এ বি এম ইব্রাহিম খলিল। তিনি বলেন, বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাই কোর্ট বেঞ্চে আবেদনটির শুনানি হবে।

আইনজীবী খলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আবদুল হান্নান মাসউদ একজন ছাত্র ছিলেন। ছাত্র থেকে সমন্বয়ক, এরপর কোটা আন্দোলন হয়ে তিনি সংসদ পর্যন্ত গেছেন। একজন ছাত্র হয়েও তিনি তার হলফনামায় এক কোটি টাকার সম্পত্তির মালিকানার কথা উল্লেখ করেছেন, যা নিয়ে প্রশ্ন উঠেছে। গত ৮ জুন তিনি নিজেই স্বীকার করেছেন যে, এই তথ্য শুধু দেখানোর জন্য দেওয়া হয়েছিল।"

তিনি বলেন, "একজন সংসদ সদস্যের মধ্যে যদি স্বচ্ছতা, বিশ্বাসযোগ্যতা ও বৈধতা না থাকে, তাহলে তিনি ওই পদে থাকতে পারেন না। মূলত এই আইনি ত্রুটি ও স্বচ্ছতার অভাবকেই রিটের মূল গ্রাউন্ড করা হয়েছে।"

রিট আবেদনে তিনটি বিষয়ে আদেশ চাওয়া হয়েছে জানিয়ে খলিল বলেন, “প্রথমত, নোয়াখালী-৬ আসনটি শূন্য ঘোষণার নির্দেশনা। দ্বিতীয়ত, কেন তার সংসদ সদস্য পদ বাতিল করা হবে না, তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না এবং বিষয়টি কেন তদন্ত করা হবে না—তা জানতে চেয়ে রুল। তৃতীয়ত, নির্বাচন কমিশন ও সংসদ সচিবালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে দেওয়া আমাদের আবেদনগুলো নিষ্পত্তির নির্দেশনা চাওয়া হয়েছে।"