২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির চাঁদাবাজিতে মানুষ ‘অতিষ্ঠ’: হাসনাত

“এনসিপি জোটে বিশ্বাসী নয়, তবে কেউ যদি সঙ্গে আসতে চায় সংস্কারের প্রশ্নে, আমরা তাকে জোটে নিব,” বলেন তিনি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2025, 10:27 PM

Updated : 26 Aug 2026, 02:36 PM

বিএনপির নেতাকর্মীদের চাঁদাবাজিতে মানুষ ‘অতিষ্ঠ’ হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

তিনি বলেছেন, “বিএনপির মাফিয়া তন্ত্রের রাজনীতি, চাঁদাবাজির রাজনীতিতে মানুষ এলাকায় এলাকায় অতিষ্ঠ; ‘মামলা-বাণিজ্য’ দিয়ে একেবারে ভরে ফেলছে। কোরামবাজি, গ্রুপিং—মানুষ এখন আতঙ্কে আছে তারা ভোট দিতে যাবে কিনা, সেটা নিয়ে। 

“সেজন্য আমরা বিএনপির যারা মনোনয়ন বঞ্চিত হয়েছেন, কিন্তু যারা বাংলাদেশপন্থায় বিশ্বাস করেন, যারা চব্বিশ পরবর্তী বাংলাদেশ পুনর্গঠনে অংশ নিতে চান, আমরা তাদেরকে আমাদের এনসিপিতে স্বাগত জানাচ্ছি।” 

বুধবার বিকালে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা এনসিপির দলীয় কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আয়োজিত ‘সমন্বয় সভায়’ তিনি এসব কথা বলেন। 

এনসিপি সংসদে নেতৃত্ব ভাগাভাগি করে নির্বাচনব্যবস্থাকে কলুষিত করবে না মন্তব্য করে হাসনাত বলেন, “কে জিতবে, কে হারবে, নির্বাচনে সেটা মুখ্য না। আমরা চাই, জনগণের ভোট নির্বাচনে যেন জিতে যায়। নির্বাচন ব্যবস্থাকে জেতাতে হবে। আমি সমঝোতা করে, এখানে পার্লামেন্ট নেতৃত্ব ভাগাভাগি করে, নির্বাচন ব্যবস্থাকে কলুষিত করব— এরকম খন্দকার মোশতাক আমরা হইতে আসি নাই। 

“আমরা লড়ব। স্বচ্ছ লড়াই করে প্রয়োজনে হারব। যে জিতবে, তাকে সমর্থন দিব। কিন্তু আমরা মাঠ থেকে এভাবে উঠে যাব না।” 

তিনি বলেন, “আমাদের সংসদ হচ্ছে রাজপথ। আমাদের শক্তি হচ্ছে জনগণ এবং রাজনৈতিক সততাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় বিনিয়েোগ।  আমরা ‘ব্যাকডোর’ দিয়ে কোনো ধরনের সমঝোতা বিশ্বাস করি না।” 

হাসনাত বলেন, “যারা আসন পুর্নবন্টন নিয়ে আলাপ-আলোচনা করছেন ‘ব্যাকডোরে’, তাদের পেইড কিছু জার্নালিস্ট আছে, তাদেরকে দিয়ে নিউজ করাচ্ছে। 

“আমাদের মুখ্য সমন্বয়ক নাসীরুউদ্দীন পাটওয়ারী বলেছেন, এই মিডিয়া মাফিয়া মতিউর রহমান, ওনাকে বলেছেন। ওনাকে যদি রাজনীতি করতে হয়, ওনাকে রাজনীতি করতে হবে; আর যদি সাংবাদিকতা করতে হয়, ওনাকে সাংবাদিকতা করতে হবে।” 

তিনি বলেন, “আপনি সাংবাদিকতার পেশা নিয়ে রাজনীতি করবেন, রাজনৈতিক কমেন্টস দিবেন, আর রাজনৈতিক দলের আপনি চরিত্র হনন করবেন, সেটা হতে পারে না। 

“এনসিপি কোনো জোটে বিশ্বাসী নয়। তবে আমাদের সঙ্গে যদি কেউ আসতে চায় সংস্কারের প্রশ্নে, আমরা তাকে জোটে নিব।” 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে এনসিপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম সুজা উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলার প্রধান সমন্বয়কারী মোহাম্মদ হাসান আলী, উত্তর জেলার প্রধান সমন্বয়কারী সাগুপ্তা বুশরা মিশমা ও কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক জুবাইরুল হাসান আরিফ উপস্থিত ছিলেন।