Published : 12 Dec 2025, 05:18 PM
ঢাকার বিজয়নগর এলাকায় ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনাটি নির্বাচনের জন্য অশনিসংকেত হিসেবে দেখছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
শুক্রবার দলের যুগ্মমহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান এক বিবৃতিতে গুলিবর্ষণকারী ও হুকুমদাতাকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
বিবৃতিতে গাজী আতাউর রহমান বলেন, “ঢাকার বিজয়নগর এলাকার মত জনবহুল এলাকায় ইনকিলাব মঞ্চের ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ তীব্র ক্ষোভ প্রকাশ করছে এবং নিন্দা জানাচ্ছে।”
ঘটনা শোনার সাথে সাথেই ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার চিকিৎসার বিষয়ে খোঁজ-খবর রাখছেন বলে জানিয়েছেন আতাউর।
আতাউর বলেন, “আমরা বারংবার বলে আসছি, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনুন। সন্ত্রাসীদের দমনে কঠোর হন। কারণ তারা আসন্ন নির্বাচনকে ব্যাহত করতে চাইবে। পতিত ফ্যাসিবাদ মোকাবিলায় সরকারের দুর্বলতা সুস্পষ্ট।
“ওসমান হাদির ঘটনায় আমরা উদ্বিগ্ন ও শংকিত। দেশের শীর্ষ রাজনৈতিক নেতৃত্ব দেশের নানা প্রান্তে প্রচারণা চালাতে যাবেন। তাদের নিরাপত্তার প্রশ্ন আরো প্রকট হয়ে উঠল।”
সরকারের উদ্দেশে আতাউর রহমান বলেন, “অবিলম্বে এই আক্রমনের সাথে জড়িত সকলকে গ্রেপ্তার করতে হবে। এটা আগামী নির্বাচনসহ সামগ্রিকভাবে দেশের ভবিষ্যতের প্রশ্ন। ফলে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আক্রমনকারী, নির্দেশদাতাসহ সকলকে আইনের আওতায় আনতে হবে। অবৈধ অস্ত্র উদ্ধারে আইন-শৃঙ্খলা বাহিনীকে আরো সচেষ্ট হতে হবে।”
জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ হন হাদি। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালে নিয়ে আইসিউতে রেখে চিকিৎসা দেওয়া হয়।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তার মাথার ভেতরে গুলি আছে। বর্তমানে অপারেশন থিয়েটারে তার সার্জারি চলছে। ”
হাদিকে লাইফসাপোর্টে রাখা হয়েছে বলেও জানান তিনি।
ডিএমপির জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, “জুমার নামাজের পর বেলা ২টা ২৫ মিনিটে বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে আসা হামলাকারীরা হাদিকে গুলি করে পালিয়ে যায়।”
হাদির একজন সহযোদ্ধা বলেন, জুমার নামাজের পর মসজিদে তাদের লিফলেট বিলি কর্মসূচি ছিল। কথা ছিল লিফলেট বিলি শেষে সবাই সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হয়ে দুপুরের খাবার খাবেন, আলোচনা করবেন। এর মধ্যেই হাদির ওপর হামলার খবর আসে।
এর আগে গত নভেম্বর মাসে ৩০টি বিদেশি নম্বর থেকে হুমকি পাওয়ার কথা জানিয়ে ফেইসবুকে পোস্ট দিয়েছিলেন হাদি।
ইনকিলাব মঞ্চের ওসমান হাদি গুলিবিদ্ধ
হাদি গুলিবিদ্ধ: দ্রুত ও স্বচ্ছ তদন্ত চান জামায়াতের আমির
ওসমান হাদিকে দেখতে এসে তোপের মুখে মির্জা আব্বাস
হাদিকে গুলি: ভোটের পরিবেশ বানচালের 'নীলনকশা' বলছে বিএনপি
বিদেশি নম্বর থেকে 'হত্যার হুমকি পেয়েছিলেন' হাদি
ইনকিলাব মঞ্চের ওসমান হাদি গুলিবিদ্ধ
ওসমান হাদিকে গুলি: হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে প্রধান উপদেষ্টার নির্দেশ