Published : 12 Dec 2025, 04:38 PM
রাজধানীর বিজয়নগর এলাকায় ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
তিনি এ ঘটনার দ্রুত ও স্বচ্ছ তদন্ত দাবি করেছেন।
শুক্রবার ফেইসবুকে দেওয়া পোস্টে জামায়াতের আমির বলেন, “কোনো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বা মতভিন্নতার কারণে এ ধরনের সহিংসতা কখনোই গ্রহণযোগ্য নয়।”
শফিকুর রহমান লিখেছেন, “ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
“কোনো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বা মতভিন্নতার কারণে এ ধরনের সহিংসতা কখনোই গ্রহণযোগ্য নয়। আমি এই ঘটনার দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত দাবি করছি এবং দোয়া করি, আল্লাহ তাআলা তাঁকে পূর্ণ সুস্থতা দান করুন।”
গুলিতে হাদির আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ও ব্যাপক তদন্ত চালিয়ে হামলায় জড়িত সবাইকে শনাক্ত করে আইনের আওতায় আনার কঠোর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।
জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ হন হাদি। রিকশায় করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের আইসিইউতে রেখে তার চিকিৎসা দেওয়া হচ্ছে।
ডিএমপির জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, “জুমার নামাজের পর বেলা ২টা ২৫ মিনিটে বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে আসা হামলাকারীরা হাদিকে গুলি করে পালিয়ে যায়।”
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ি পরিদর্শক মো. ফারুক চিকিৎসকদের বরাত দিয়ে বলেন, "ওসমান হাদিকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগের আনা হয়। সেখানে আইসিইউতে রেখে তার চিকিৎসা চলছে।"
দুর্বৃত্তরা তিনটি মোটরসাইকেলে করে এসেছিল বলে জানান তিনি।
হাদির একজন সহযোদ্ধা বলেন, জুমার নামাজের পর মসজিদে তাদের লিফলেট বিলি কর্মসূচি ছিল। কথা ছিল লিফলেট বিলি শেষে সবাই সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হয়ে দুপুরের খাবার খাবেন, আলোচনা করবেন। এর মধ্যেই হাদির ওপর হামলার খবর আসে।
এর আগে গত নভেম্বর মাসে ৩০টি বিদেশি নম্বর থেকে হুমকি পাওয়ার কথা জানিয়ে ফেইসবুকে পোস্ট দিয়েছিলেন হাদি।
বিদেশি নম্বর থেকে 'হত্যার হুমকি পেয়েছিলেন' হাদি
ইনকিলাব মঞ্চের ওসমান হাদি গুলিবিদ্ধ
ওসমান হাদিকে গুলি: হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে প্রধান উপদেষ্টার নির্দেশ