নাঈম হত্যা: জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবি সচেতন আইনজীবী সমাজের
“আইনজীবী নাঈম কিবরিয়া হত্যার কয়েকদিন হয়ে গেল, কিন্তু এখনো একজনকেও গ্রেপ্তার করা হয়নি।”
ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় পাবনা জজ আদালতের শিক্ষানবিশ আইনজীবী নাঈম কিবরিয়াকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন ঢাকার আইনজীবীরা।
রোববার ঢাকা আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে নাঈম হত্যাকাণ্ডের প্রতিবাদে ডাকা মানববন্ধন কর্মসূচিতে এ দাবি জানান তারা।
‘সচেতন আইনজীবী সমাজ’ এর ব্যানারে এই কর্মসূচিতে আইন উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে আইনজীবী আনোয়ারুল ইসলাম বলেন, “আইনজীবী নাঈম কিবরিয়া হত্যার কয়েকদিন হয়ে গেল, কিন্তু এখনো একজনকেও গ্রেপ্তার করা হয়নি। এটা চব্বিশের অভ্যুত্থানের (চেতনার) সাথে সাংঘর্ষিক।
“আমরা জুলাইয়ের আন্দোলনের মাধ্যমে এমন বাংলাদেশ চেয়েছি, যেখানে সকলের সমান অধিকার নিশ্চিত হবে। সকলে সঠিক বিচার পাবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য এখন পত্রিকার পাতা খুললেই (দেখি) প্রত্যেকদিন বাংলাদেশের কেথাও না কোথাও হত্যাকাণ্ড হচ্ছে। এর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি আইন উপদেষ্টাসহ সংশ্লিষ্ট সকলের কাছে।”
আরেক আইনজীবী পারভীন বলেন, “নাঈম কিবরিয়া আমাদের ভাই। তার হত্যার বিচার চাই। এছাড়াও বাংলাদেশের সকল হত্যার দ্রুত বিচার দাবি করছি।”
গেল ৩১ ডিসেম্বর রাতে বসুন্ধরা আবাসিক এলাকায় নাঈম কিবরিয়াকে পিটিয়ে হত্যা করা হয়।
আগের খবর:
