১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নৌকা প্রতীক রাখা ‘অবিবেচনাপ্রসূত’, পুনর্বিবেচনার অনুরোধ আসিফের

“সেই মার্কাটিকে আবারো রাখাটা জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটের সাথে সাংঘর্ষিক,” বলছেন তিনি।

নৌকা প্রতীক রাখা ‘অবিবেচনাপ্রসূত’, পুনর্বিবেচনার অনুরোধ আসিফের
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2025, 08:13 PM

Updated : 26 Aug 2026, 01:24 PM

দলীয় কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীক ভোটের মার্কার তালিকায় রেখে দেওয়ার যে সিদ্ধান্ত নির্বাচন কমিশন নিয়েছে, তাকে অবিবেচনাপ্রসূত বলছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

কমিশনকে বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ জানিয়ে তিনি বলেছেন, নৌকা প্রতীক রেখে দেওয়া জুলাই অভ্যুত্থানের চেতনার সঙ্গে ‘সাংঘর্ষিক’ হবে। 

বৃহস্পতিবার বিডায় আয়োজিত এক কর্মশালা শেষে সাংবাদিকদের মুখোমুখি হক জুলাই অভ্যুত্থানের ছাত্র প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারের দায়িত্বে আসা আসিফ মাহমুদ।

তিনি বলেন, “এটা দুঃখজনক যে জুলাই গণঅভ্যুত্থানের পরে আবার জুলাই মাসে এসে নৌকা প্রতীক থাকবে কি থাকবে না, ইভেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরেও নৌকা প্রতীক থাকবে কি থাকবে না, এটা নিয়ে আমাদেরকে কথা বলতে হচ্ছে।

“উইথ অল ডিউ রেসপেক্ট যেহেতু আমাদের ইলেকশন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান। এবং আমি সরকারের একটা অংশ হিসেবে না, আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে এবং জুলাইয়ে যারা জীবন দিয়েছে, যাদেরকে হত্যা করা হয়েছে, তাদের জায়গা থেকেও এটা অত্যন্ত অবিবেচনাপ্রসূত আমি মনে করি।”

তিনি বলেন, “অবশ্যই আমি অনুরোধ করব যে নির্বাচন কমিশন এটা পুনর্বিবেচনা করবে এবং আমাদের জুলাইয়ের যে স্পিরিট আছে, এবং একই সাথে সরকার যেই দলটিকে নিষিদ্ধ করেছে এবং যেই মার্কাটি ব্যবহার করে মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে, কোটি কোটি মানুষের, তিন দফায়, সেই মার্কাটিকে আবারো রাখাটা এটা জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটের সাথে সাংঘর্ষিক।”

এর আগে মঙ্গলবার রাতে নির্বাচন কমিশনের সমালোচনা করে তিনি ফেইসবুকে একটি পোস্ট দেন। সেখানে তিনি প্রশ্ন রাখেন: “অভিশপ্ত 'নৌকা' মার্কাটাকে আপনারা কোন বিবেচনায় আবার শিডিউলভুক্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠালেন?”

ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন করে ১১৫টি প্রতীক সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। বিধিমালার খসড়া পাঠানো ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়েও পাঠানো হয়েছে।

জামায়াতে ইসলামীর নিবন্ধন পুনর্বহালের পর দাঁড়িপাল্লা প্রতীক ওই তালিকায় যুক্ত করা হয়েছে। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকলেও নৌকা প্রতীক সেখানে বহাল রাখা হয়েছে।

মঙ্গলবার নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে ‘নৌকা’ সরিয়ে ফেলার পর কমিশন সচিব আখতার আহমেদ বলেন, নৌকা প্রতীক নির্বাচন পরিচালনা বিধিমালার তফসিলে সংরক্ষিত থাকবে। তবে এটা আর কেউ ব্যবহার করতে পারবে না।

প্রধান নির্বাচন কমিশনার ও অন্য নির্বাচন কমিশনারদের অনানুষ্ঠানিক বৈঠকের পর তিনি ওই তথ্য দেন।

সাংবাদিকদের তিনি বলেন, “প্রতীকের তফসিলে নৌকা থাকলেও বিভ্রান্তি এড়াতে ওয়েবসাইট থেকে নিবন্ধন স্থগিত আওয়ামী লীগের প্রতীক নৌকা সরিয়ে রাখা হয়েছে।”

তিনি দাবি করেন, নির্বাচন কমিশন-ইসির উপর কোনো চাপ নেই। নির্বাচন কমিশন মনে করেছে এটা সরিয়ে রাখা ভালো হবে।

পুরনো খবর

'নৌকা' সংরক্ষিত থাকবে, কেউ ব্যবহার করতে পারবে না: ইসি সচিব

যে যুক্তিতে প্রতীক তালিকায় 'নৌকা' রাখছে ইসি

নির্বাচনি প্রতীক: নৌকা বাদ ও শাপলা তালিকাভুক্ত করার দাবি এনসিপির

ভোটের প্রতীক বাড়ছে এবার, সংরক্ষণ কীভাবে?