Published : 16 Jul 2025, 06:56 PM
নিবন্ধন স্থগিত হওয়া আওয়ামী লীগের দলীয় প্রতীক ‘নৌকা’ নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলার পর কমিশন সচিব আখতার আহমেদ বলেছেন, নৌকা প্রতীক নির্বাচন পরিচালনা বিধিমালার তফসিলে সংরক্ষিত থাকবে। তবে এটা আর কেউ ব্যবহার করতে পারবে না।
বুধবার প্রধান নির্বাচন কমিশনার ও অন্য নির্বাচন কমিশনারদের অনানুষ্ঠানিক বৈঠকের পর এ তথ্য দিয়েছেন তিনি
বিকালে নির্বাচন ভবনে সচিব সাংবাদিকদের বলেন, “প্রতীকের তফসিলে নৌকা থাকলেও বিভ্রান্তি এড়াতে ওয়েবসাইট থেকে নিবন্ধন স্থগিত আওয়ামী লীগের প্রতীক নৌকা সরিয়ে রাখা হয়েছে।”
তিনি দাবি করেন, নির্বাচন কমিশন-ইসির উপর কোনো চাপ নেই। নির্বাচন কমিশন মনে করেছে এটা সরিয়ে রাখা ভালো হবে।
এদিন সকারে ইসির ওয়েবসাইটে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর তালিকার ৬ নম্বরে ‘আওয়ামী লীগ (নিবন্ধন স্থগিত)’ নামের পাশে নিবন্ধন তারিখ, প্রতীকের তারিখ ও প্রতীকের ঘর ফাঁকা দেখা গেছে। যদিও আগে এই তিন ঘর পূর্ণ ছিল।
আর জামায়াতে ইসলামীর নিবন্ধন পুনর্বহাল হওয়ার পর দুপুরে ওয়েবসাইটে দাঁড়িপাল্লা প্রতীক যুক্ত হয়।
ইসি সচিব বলেন, “প্রতীকের তফসিলে নৌকা প্রতীক থাকবে, এটা আর কেউ ব্যবহার করতে পারবে না।”
নৌকা প্রতীক বহাল রাখার বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ আগেই বলেছেন, প্রতীক কখনও নিষিদ্ধ হয় না। দল বিলোপ হলেও প্রতীক ইসির কাছে থাকবে; এটা আবার আরেকজনের নামে বরাদ্দ হবে। ইসি প্রতীক তালিকা থেকে বাদ দেবে না।
সচিব বলেন, জামায়াতে ইসলামীর প্রতীকসহ নিবন্ধন ফেরত দেওয়ার যে প্রজ্ঞাপন হয়েছে তার আলোকে নাম ও প্রতীক ওয়েবসাইটে যুক্ত করা হয়েছে।
এক প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, “শাপলাকে তফসিলে এখনও অন্তর্ভুক্ত করেনি।
অভ্যুত্থানের শরিক বিভিন্ন পক্ষের দাবিতে সরকার গত ১২ মে আওয়ামী লীগ এবং এর সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে। এরপর নির্বাচন কমিশনও রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে।
এরপরই ওয়েবসাইট হালনাগাদ করে দলের পাশে নিবন্ধন স্থগিত লেখা হয়েছিল। কিন্তু প্রতীক তালিকায় বহাল থাকে।
ইতোমধ্যে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি নৌকা প্রতীক তালিকা থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছেন। একজন নির্বাচন কমিশনার নৌকা তালিকায় রাখার পক্ষে ইসির যুক্তিও তুলে ধরেন।
নৌকা প্রতীক বহাল রাখার বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, প্রতীক কখনও নিষিদ্ধ হয় না। পার্টি বিলোপ হলেও প্রতীক ইসির কাছে থাকবে; এটা আবার আরেকজনের নামে বরাদ্দ হবে। আমরা প্রতীক তালিকা থেকে বাদ দেব না।
সবশেষ মঙ্গলবার স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নাগরিক হিসেবে ইসির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে।
এমন পরিস্থিতিতে নির্বাচন পরিচালনা বিধিমালায় সংশোধনের আগেই নৌকা ওয়েবসাইট থেকে সরানো হল।
এছাড়া নিবন্ধন বাতিল থাকা চারটি দলের নাম ও তাদের সংরক্ষিত প্রতীকও নেই। কিন্তু প্রতীকগুলো ইসির তালিকায় রয়েছে।
ইসির ওয়েবসাইট থেকে 'নৌকা' বাদ, বিধিমালায় কি থাকছে?
'নিষিদ্ধ' আওয়ামী লীগের নিবন্ধনও স্থগিত
কাদের জন্য নৌকা রেখে দিলেন? ইসিকে উপদেষ্টা আসিফ মাহমুদের প্রশ্ন