‘ঝুঁকি’ থাকায় জুলাই সনদে স্বাক্ষর করেনি এনসিপি: নাসীরুদ্দীন
“এনসিপির প্রতি দীর্ঘদিনের অভিযোগ, আমরা জুলাই বিক্রি করে দিয়েছি নাকি। আমরা জুলাই বিক্রি করতে আসিনি,” বলেন তিনি।
রাজনৈতিক অঙ্গন থেকে ‘হারিয়ে যাওয়ার ঝুঁকি’ থেকেই জাতীয় নাগরিক পার্টি-এনসিপি জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেনি দাবি করেছেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
তার ভাষ্য, সনদে স্বাক্ষর করলে তারা আজকে ‘এই পরিস্থিতিতে’ আসতে পারতেন না।
মঙ্গলবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবে জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে ‘জুলাই সনদ বাস্তবায়নে রূপরেখা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তব্য রাখছিলেন নাসীরুদ্দীন।
গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্র সংস্কারের উদ্যোগ নিয়ে একবছর ধরে সংলাপ, বৈঠক, আর নানা তর্কবিতর্কের পর জুলাই জাতীয় সনদ গ্রহণ করা হয়। গেল ১৭ অক্টোবর আনুষ্ঠানিকভাবে জুলাই সনদ স্বাক্ষর করছে সংলাপে থাকা অধিকাংশ রাজনৈতিক দল।
তবে সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যায়নি অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া নেতাদের রাজনৈতিক দল এনসিপির নেতারা। এ দলটিসহ পাঁচ দল সনদে স্বাক্ষর করেনি।
এ অবস্থায় মঙ্গলবার জুলাই সনদ বাস্তবায়নে গণভোট, সংবিধান সংস্কার পরিষদ, সাংবিধানিক আদেশের সুপারিশসহ একটি সুপারিশমালা প্রধান উপদেষ্টার হাতে তুলে দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন।
জুলাই সনদে এনসিপির স্বাক্ষর না করার কারণ তুলে ধরে দলের মুখ্য সমন্বয়ক বলেন, “এনসিপির প্রতি অভিযোগ ছিল, কেন আমরা জুলাই সনদে স্বাক্ষর করি নাই। আমরা যদি স্বাক্ষর করতাম, তাহলে হয়ত আজকে এই পরিস্থিতিতে আমরা আসতে পারতাম না।”
নাসীরুদ্দীন বলেন, “আমরা আগেই এটা বুঝেছিলাম। আমাদের সামনে অনেক ঝুঁকি ছিল যে, আমরা জাসদের মতো হারিয়ে যাবো কি না, স্বাক্ষর না করে। অথবা আমরা যদি স্বাক্ষর না করি, রাজনৈতিক অঙ্গন থেকে হারিয়ে যাব কি না? এটার একটা আশঙ্কা আমাদের মধ্যেও ছিল।”
এরপরও এনসিপি ‘জনগণের কথা ভেবে’ জুলাই সনদে স্বাক্ষর করেনি দাবি করে নাসীরুদ্দীন বলেন, “কিন্তু আমরা তখন নৈতিক ভিত্তি থেকে একটা অবস্থান নিই যে, এই মুহূর্তে আমাদের আহত সৈনিকদের এবং বাংলাদেশের জনগণের পক্ষে দাঁড়াতে হবে।
“এবং আমরা সব ঝুঁকি থাকা সত্ত্বেও এ ধরনের একটি ‘বোল্ড স্টেটমেন্ট’ নিতে বাধ্য হই। আজকে আমাদের একটা ফলাফল এসেছে। এজন্য আমরা ঐকমত্য কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি।”
সনদ বাস্তবায়নের প্রক্রিয়ায় ভুল-ভ্রান্তি আছে দাবি করে তিনি বলেন, “যদিও এখানে অনেকগুলো প্রক্রিয়ায় ভুলভ্রান্তি রয়েছে। কীভাবে বাস্তবায়ন প্রক্রিয়াটা আরো নির্ভুল করা যায়, সেগুলো রাজনৈতিক দল এবং যারা বিশেষজ্ঞ আছেন, তারা বসে একটা সমাধানে পৌঁছাবেন বলে আমরা বিশ্বাস করি।”
এনসিপির মূখ্য সমন্বয়ক বলেন, “এনসিপির প্রতি দীর্ঘদিনের অভিযোগ, আমরা জুলাই বিক্রি করে দিয়েছি নাকি। আমরা জুলাই বিক্রি করতে আসিনি। জুলাইকে তার সঠিক পথে রাখার জন্য আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।”
সংবিধানের সমালোচনা করে তিনি বলেন, “এতদিন পর্যন্ত বাংলাদেশে কোন সংবিধান ছিল না। মুজিবের আইন ছিল। মুজিব যা বলেছেন, তাই সংবিধান। জিয়াউর রহমান যা বলেছেন, তাই সংবিধান ছিল। এরশাদ যা বলেছেন, তাই সংবিধান ছিল। খালেদা জিয়া যা বলেছিলেন, তাই সংবিধান ছিল। আর শেষে তো শেখ হাসিনা নিজেই সংবিধানের উপরে উঠে গিয়েছিলেন।
“ফলত সব রাজনৈতিক দলকে আমরা টেনে ধরে সংবিধানের অধীনে আনার চেষ্টা করছি। যেটা তৈরি করেছিল, এটা পচা গলা সংবিধান, এই সংবিধান দিয়ে বাংলাদেশ আর চলতে পারে না।”
গোলটেবিল বৈঠকের শুরুতে জুলাই সনদ বাস্তবায়নে লিখিত রূপরেখা পেশ করেন এনসিপির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা।
বৈঠকে বক্তব্য রাখেন-এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, সারোয়ার তুষার, সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ শাহান, আমার বাংলাদেশ (এবি) পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক নাসরীন সুলতানা মিলি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাধারণ সম্পাদক সৈয়দ হাসিব উদ্দিন হোসেন, ইসলামী আন্দোলনের প্রচার সম্পাদক শেখ ফজলুল করিম মারুফ, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি, সাংবাদিক রাজীব আহাম্মেদ।
আরও পড়ুন:
