স্বামীর কবর জিয়ারত করলেন খালেদা জিয়া
প্রায় সাড়ে সাত বছর পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রায় সাড়ে সাত বছর পর তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন।
বুধবার রাত ১১টার দিকে শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিস্থলে পৌঁছান সাবেক প্রধানমন্ত্রী খালেদা।
তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন বলেন, “ম্যাডাম রাতে ইচ্ছা প্রকাশ করেছেন ওনার স্বামী বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। তখন একরকম দ্রুত তার ব্যবস্থা করা হয়, আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি অবহিত করা হয়।”
নীল রঙের একটি প্রাইভেট কারে করে বিএনপি চেয়ারপারসন গুলশানের বাসা ফিরোজা থেকে বের হন। গাড়িতে দলীয় পতাকা ছিল।
শেরে বাংলা নগরে পৌঁছানোর পর গাড়িটি ঠিক জিয়াউর রহমানের কবরের সামনে এসে দাঁড়ায়। গাড়িতে বসেই মোনাজাতে অংশ নেন খালেদা জিয়া।
এ সময়ে সঙ্গে ছিলেন তার দুই ভাই সাঈদ ইস্কান্দারের স্ত্রী নাসরিন ইস্কান্দার ও শামীম ইস্কান্দারের স্ত্রী কানিজ ফাতেমা।
এছাড়া জিয়াউর রহমানের কবরে সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে মোনাজাতে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার এবং নিরাপত্তায় নিয়োজিত কর্মকর্তারা।
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি ঢাকা মহানগর বিশেষ জজ আদালত দুর্নীতি মামলার রায় ঘোষণার পর খালেদা জিয়াকে ঢাকার কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। এর কিছুদিন আগে সর্বশেষ বিএনপি চেয়ারপারসন নেতা-কর্মীদের নিয়ে জিয়াউর রহমানের কবরে পুস্পস্তবক অর্পণ করেন।
