১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মতের ভিন্নতা স্বাভাবিক, সৌহার্দ্য গণতান্ত্রিক চর্চাকে সমৃদ্ধ করে: হাফিজ উদ্দিন

দেশের স্বার্থকে সর্বাগ্রে রেখে সবাই দায়িত্বশীল ভূমিকা পালন করবেন, প্রত্যাশা স্পিকারের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 10 Sep 2026, 10:29 PM

Updated : 17 Sep 2026, 02:58 AM

মতের ভিন্নতাকে গণতান্ত্রিক সংসদীয় ব্যবস্থার স্বাভাবিক বৈশিষ্ট্য হিসেবে বর্ণনা করে সংসদে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের সমাপনী ভাষণে তিনি বলেন, “মতের ভিন্নতা গণতান্ত্রিক সংসদীয় ব্যবস্থার স্বাভাবিক বৈশিষ্ট্য। ভিন্নমত প্রকাশের পাশাপাশি সংসদীয় কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ, পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখা গণতান্ত্রিক চর্চাকে আরও সমৃদ্ধ করে।”

দেশের স্বার্থকে সর্বাগ্রে রেখে সবাই দায়িত্বশীল ভূমিকা পালন করবেন বলেও প্রত্যাশা ব্যক্ত করেন স্পিকার।

গত ২৭ অগাস্ট শুরু হওয়া তৃতীয় অধিবেশনে মোট নয়টি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

এ অধিবেশনের সমাপ্তি ঘোষণার আগে স্পিকার বলেন, দীর্ঘ ১৭ বছর পর জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত ‘সুষ্ঠু ও নিরপেক্ষ’ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বর্তমান সংসদের সদস্যরা দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন।

প্রথম ও দ্বিতীয় অধিবেশনের ধারাবাহিকতায় তৃতীয় অধিবেশনটি সংক্ষিপ্ত হলেও এতে গুরুত্বপূর্ণ আইন প্রণয়ন এবং জাতীয় বিভিন্ন বিষয়ে আলোচনা ও মতবিনিময় হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

নয় বৈঠকে ছয় বিল পাস

এ অধিবেশনে উত্থাপিত ছয়টি বিলের সবই পাস হয়েছে।

আইন প্রণয়নের পাশাপাশি ৩৫টি সংসদীয় কমিটি গঠন ও পুনর্গঠন এবং একটি বিশেষ কমিটি পুনর্গঠন করা হয়েছে।

কার্যপ্রণালী-বিধির ৬৮ বিধিতে সাতটি নোটিসের মধ্যে দুটি গৃহীত হয়ে আলোচনা হয়েছে। ৭১ বিধিতে ১৫টি নোটিস গৃহীত হয়, যার মধ্যে ১৪টির ওপর আলোচনা হয়েছে।

৭১ক বিধিতে দুই মিনিটের বক্তব্যের জন্য ১২৪টি নোটিস পাওয়া যায়।

এছাড়া ১৪৭ বিধিতে দুটি নোটিসের মধ্যে একটির ওপর আলোচনা হয় এবং ৩০২ বিধিতে একটি নোটিস উত্থাপিত হয়।

প্রধানমন্ত্রীর উত্তর দেওয়ার জন্য সংসদ সদস্যরা মোট ১৪৪টি প্রশ্নের নোটিস দেন। এর মধ্যে ১৫টি প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী।

বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের উত্তর দেওয়ার জন্য ২ হাজার ৬৭৬টি প্রশ্নের নোটিস পাওয়া যায়। এর মধ্যে ১ হাজার ৬৭৮টি প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে।

সমাপনী ভাষণে স্পিকার সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা, মন্ত্রিসভার সদস্য, চিফ হুইপ, বিরোধীদলীয় চিফ হুইপ, ডেপুটি স্পিকার, সংসদ সদস্য এবং সংসদ সচিবালয় ও সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানান।

গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, সংসদীয় গণতন্ত্রের বিকাশ ও সুসংহতকরণে সম্মিলিত দায়িত্ব পালন গুরুত্বপূর্ণ।

হাফিজ উদ্দিন বলেন, “পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সৌহার্দ্য বজায় রেখে সংসদীয় রীতি ও কার্যপ্রণালীর প্রতি শ্রদ্ধাশীল থেকে আমরা জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে সচেষ্ট থাকব, এটাই প্রত্যাশা।”