সরকারের ভবিষ্যৎ ‘ভালো’ দেখছেন না ফখরুল
ফখরুল বলেন, “যদি এখন সেটা উপলব্ধি না করেন, সংকট নিরসনের চেষ্টা না করেন, তাহলে ভবিষ্যত তাদের জন্য খুব ভালো না।”
দ্বাদশ নির্বাচনের পর দেশের সংকট ‘আরও গভীর হয়েছে’ মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলামগীর বলেছেন, সমস্যার সমাধান না হলে সরকারের ভবিষ্যৎ ‘খুব ভালো নয়’।
তিনি বলেছেন, “একটা কথা আমি বলতে চাই, উনাদের (সরকার) একটা ফলস ধারণা তৈরি হয়েছে যে, সংকট থেকে তারা উপরে উঠে গেছেন।
“আমি বলব, সংকট আরও গভীর করেছে। বিগত নির্বাচনে আওয়ামী লীগের সংকট আরও গভীর হয়েছে, সরকারের সংকটও আরও গভীর হয়েছে। আপনারা যদি এখন সেটা (সংকট) উপলব্ধি না করেন, সংকট নিরসনের চেষ্টা না করেন, তাহলে ভবিষ্যত তাদের জন্য খুব ভালো না।”
রোববার দুপুরে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলছিলেন মির্জা ফখরুল।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলের স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্তগুলোও এই সম্মেলনে তুলে ধরেন ফখরুল।
‘খালেদা জিয়া এখন জীবনের জন্য লড়ছেন’
বিশ্ব মা দিবসে বেগম খালেদা জিয়া কেমন আছেন জানতে চাইলে মির্জা বলেন, “এই মহিয়সী নেত্রী সারাটা জীবনে গণতন্ত্রের জন্য লড়াই-সংগ্রাম করে যাচ্ছেন। দুর্ভাগ্য আমাদের, এই মহিয়সী নেত্রী তার সঠিক মূল্যায়নটা এদেশের অনেকে করতে পারছেন না।
“খালেদা জিয়া এখন লড়াই করছেন তার জীবনের। তার স্বাস্থ্যের অবস্থা খুবই খারাপ। আপনারা দেখছেন যে, প্রায়শ তিনি যাচ্ছেন হাসপাতালে, চেকআপও হচ্ছে। আবার বাসায় ফিরে আসছেন…. বলা যায় যে, তিনি মেডিকেল কেয়ারের মধ্যে আছেন।”
‘ওরা লুটের বিশেষ গোত্র তৈরি করেছে’
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “এখানে একটা গোত্র তৈরি করা হচ্ছে, যাদেরকে সমস্ত রকম দুর্নীতি-অনিয়মের মধ্য দিয়ে অর্থ উপার্জনের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, সেটা দিয়ে তারা এই সরকারকে টিকিয়ে রাখছে।”
সরকারের সমালোচনা করে এই বিএনপি নেতা বলেন, “কারো কোনো জবাবদিহিতা নাই তো। পত্রিকায় দেখা যায় যে মন্ত্রী-এমপির বাড়ি-সম্পদ দেশের বাইরে রয়েছে, তারা ডোন্ট কেয়ার। তাদের যে বক্তব্য, দাম্ভিকতা, এটা অনেক আগে থেকে শুরু হয়েছে। এমনভাবে কথা বলেন যে, উনারা ছাড়া দেশে আর কেউ নাই।”
ফখরুলের ভাষ্য, “বাংলাদেশ অলরেডি একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে এবং সরকার পরিকল্পিতভাবে তা করেছে।“
একটি রাষ্ট্র কখন ব্যর্থ রাষ্ট্র হয়– সেই প্রশ্ন রেখে ফখরুল বলেন, “যখন অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে ফেলে, যখন তার রাজনৈতিক স্ট্রাকচারটা ভেঙে ফেলে, সামাজিক কাঠামো ভেঙে যায়, যখন কোথাও জবাবদিহিতা থাকে না তখন রাষ্ট্র একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়, নৈরাজ্য সৃষ্টি হয়। এখন গোটা দেশে একটা নৈরাজ্য চলছে।”
বিএনপি মহাসচিব দাবি করেন, তাদের সময়েই দেশে ‘উন্নয়নের ক্ষেত্র তৈরি হয়েছে’।
“এমনভাবে তারা (আওয়ামী লীগ) কথা বলে যে, গণতান্ত্রিক সরকারগুলোর সময়ে কোনো উন্নয়নই হয় নাই। ১৯৯১ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত যে উন্নয়ন হয়েছে সেই উন্নয়নই অর্থনীতির ভিত্তি তৈরি করেছে। আজকে সেগুলো দেখছেন সেগুলো হচ্ছে লুট, মেগা লুট।”
‘স্বাস্থ্য খাতের দুরাবস্থা অবিশ্বাস্য’
সরকারি হাসপাতালোর পরিস্থিতি তুলে ধরে মির্জা ফখরুল বলেন, “আপনারা কি সরকারি হাসপাতালে কেউ গেছেন? যদি যান, বিশেষ করে ঢাকার বাইরে সরকারি হাসপাতালে যান, অবিশ্বাস্য… হাসপাতালে ঢুকা যায় না এতো দুর্গন্ধ, এতো নোংরা, দালালদের অত্যাচার চিন্তা করা যায় না।”
“আর হাসপাতালের চারপাশে নতুন নতুন ডায়গনস্টিক সেন্টার ও ক্লিনিক গড়ে উঠেছে...এটা বড় ব্যবসা।”
জনস্বাস্থ্য সুরক্ষায় সরকার ‘উদাসীন’ বলেও অভিযোগ করেন ফখরুল।
তিনি বলেন, “বাংলাদেশে মোট মৃত্যুর প্রায় ৭০ শতাংশই ঘটে হার্ট অ্যাটাক, স্ট্রোক কিংবা ডায়াবেটিসসহ বিভিন্ন ধরনের অসংক্রামক রোগে। অথচ এসব রোগ মোকাবিলায় সরকারের অর্থ বরাদ্দের পরিমাণ মাত্র মোট স্বাস্থ্য বাজেটের ৪ দশমিক ২ শতাংশ। গত মার্চ মাসেই বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ -বিএফএসএ’র শীর্ষ কর্মকর্তা বলেছেন, দেশে প্রতিবছর ১ লাখ ১৪ হাজার মানুষ ক্যান্সারে মৃত্যুবরণ করছে। এই ক্যন্সারের মূল কারণ অনিরাপদ খাদ্য।
“এখন প্রশ্ন হচ্ছে, জনস্বাস্থ্য সুরক্ষায় অবৈধ সরকার কি ধরনের ব্যবস্থা নিয়েছে। অনিরাপদ খাদ্য সম্পর্কে সচেতন করা সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। কিন্তু সরকার সেটা করছে না। জনগণের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশেরও উচিত দেশে আমদানি করা প্রতিটি পণ্য বাজারে ছাড়ার আগে যথাযথভাবে পরীক্ষা-নিরীক্ষা করে পণ্যের মান যাচাই করে নেওয়া।
“কিন্তু বর্তমান তাবেদার সরকার আমদানি করার খাদ্যপণ্য যথাযথ পরীক্ষা-নিরীক্ষা করবে কিনা এ ব্যাপারে জনগণ যথেষ্ট সন্দিহান।”
শিক্ষা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়গুলোয় ‘দলীয়করণে’ উপাচার্য ও শিক্ষক নিয়োগের শিক্ষা ব্যবস্থা ‘ভেঙে পড়েছে’ বলেও মন্তব্য করেন ফখরুল।
তিনি বলেন, “যে কারণে ব্রেনড্রেইন হয়ে যাচ্ছে, যারা মেধাবী, যার নিজের যোগ্যতা আছে, তারা দেশে ছেড়ে চলে যাচ্ছে।“
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশীয় বিষয়ক সহকারী সচিব ডোনাল্ড লুর ঢাকা সফর নিয়ে সাংবাদিকদের প্রশ্ন করা হলে বিএনপি মহাসচিব বলেন, “দেখুন, এসব আমাদেরকে জিজ্ঞাসা না করে উনাদের (আওয়ামী লীগ সরকার) জিজ্ঞাসা করুন। এসব নিয়ে আমরা ইন্টারেস্টেড না।
“আমরা মনে করি, বাংলাদেশের জনগণের ওপরই আমাদের ভরসা, আমাদের পুরো আস্থা, সেই আস্থার উপরে আমরা দাঁড়িয়ে থাকি। রাজনীতিও আমাদের জনগণ নিয়ে।”
