২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা জেডএ খানের মৃত্যু

বৃহস্পতিবার আসরের পর বনানীর সামরিক কবরাস্থানে তাকে দাফন করা হবে।

খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা জেডএ খানের মৃত্যু
আহমেদ জহিরুল আমিন খান

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2024, 01:47 PM

Updated : 26 Aug 2026, 09:32 AM

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আবু আহমেদ জহিরুল আমিন খান (জেডএ খান) মারা গেছেন।

রাজধানীর গুলশানে নিজের বাসায় বুধবার বেলা আড়াইটায় তার মৃত্যু হয় বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। স্ত্রী ও দুই ছেলেকে তিনি রেখে গেছেন। 

পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার জোহরের নামাজের পর ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে এবং আসরের পর গুলশান জামে মসজিদে দুই দফা জানাজা শেষে বনানীর সামরিক কবরাস্থানে জেডএ খানের দাফন হবে।

বাংলাদেশের রাজনীতিতে ‘ওয়ান-ইলেভেনের’ পট পরিবর্তনের আগে জেডএ খান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। পরে তিনি রাজনীতিতে নিষ্ক্রিয় হয়ে পড়েন।

২০০১ থেকে ২০০৪ সাল পর্যন্ত বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এবং ১৯৯৬ সালে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) মহাপরিচালক ছিলেন জেডএ খান।

তার জন্ম ১৯৪৪ সালের ১১ মে। ১৯৬৭ সালে তিনি সেনাবাহিনীতে যোগ দেন। ১৯৯৭ সালে সেনাবাহিনী থেকে অবসরে যান। এরপর বিএনপির রাজনীতিতে যুক্ত হন।