আমাদেরকে হেয় করবে, তখন তো বলবই ইলিশ কেন দেব: রিজভী
“যারা আমাদেরকে এমন হেয় করে, যারা আমাদের সাথে ক্রীতদাসের মতো আচরণ করে, পা বেঁধে উপরে ঝুলিয়ে রাখবে… তখন তো আমরা বলবই, ভাই আমরা ইলিশ মাছ কেন দিব?”
বাংলাদেশিদের নিয়ে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর আপত্তিকর বক্তব্যের পরও কেন সেদেশে ইলিশ মাছ রপ্তানি করা হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার দুপুরে এক অনুষ্ঠানে তিনি বলেন, “যে সময়ে আপনারা (অন্তবর্তীকালীন সরকার) ইলিশ মাছ রপ্তানির কথা বলছেন, রপ্তানি হতেই পারে কিন্তু যখন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশি কাউকে সীমান্তে পেলে তার পা উল্টো করে ঝুলিয়ে রাখা হবে, তখন আমি কেন বলব না, আমরা ইলিশ মাছ দিব না?
“যাদেরকে আমরা নানাভাবে শ্রদ্ধা করি, যাদের ধর্মীয় উৎসবের প্রতি শ্রদ্ধা রেখে ভারতে ইলিশ মাছ যায়। আমদানি-রপ্তানি বাণিজ্য এটা তো সবসময়ই হয়ে এসেছে, সেটা যেতেই পারে। কিন্তু যারা আমাদেরকে এমন হেয় করে, যারা আমাদের সাথে ক্রীতদাসের মতো আচরণ করে, পা বেঁধে উপরে ঝুলিয়ে রাখবে… তখন তো আমরা বলবই, ভাই আমরা ইলিশ মাছ কেন দিব?”
রিজভী অভিযোগ করে বলেন, “পেঁয়াজ আমরা ভারত থেকে আমদানি করি। ভারতে যখন সংকট হয় তখন তো তারা পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়, রপ্তানির উপর শুল্ক বৃদ্ধি করে দেয়, তখন তো তারা ভাবে না যে, একটি বন্ধু রাষ্ট্রের ক্ষতি হতে পারে।”
বিএনপির এই নেতা বলেন, “বাংলাদেশের মানুষের আবেগ থাকতেই পারে কিন্তু আমাকে যখন হেয় করবে, আমাকে যখন অবহেলা করবে, আমাকে যখন ঘৃণা করবে এবং বাংলাদেশের মানুষের প্রতি যখন ধৃষ্টতাপূর্ণ কথাবার্তা বলবেন ভারতের একজন কেন্দ্রীয় ও প্রভাবশালী মন্ত্রী, তখন আমার আবেগ আসবেই। না, এরা তো আমাদের সাথে বন্ধুত্ব চায় না, জনগণের সাথে বন্ধুত্ব চায় না।”
ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এই অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে বিগত আন্দোলনে গুম-খুন-নির্যাতনের শিকার পরিবারের সদস্যদের আর্থিক সহযোগিতা দেওয়া হয়।
অনুষ্ঠানে বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, গবেষণা বিষয়ক সম্পাদক শামিমুর রহমান শামিম, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দীন আলম, তাঁতী দলের কাজী মনিরুজ্জামানসহ পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের নেতারা বক্তব্য রাখেন।
